আলবার্তোর চোটে চিন্তা মোহনবাগানে
নিজস্ব সংবাদদাতা
যুবভারতীতে মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গলের অনুশীলনে যখন চরম গোপনীয়তা, ঠিক পাশের মাঠে ফুরফুরে মেজাজে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে মগ্ন মোহনবাগান সুপার জায়ান্ট। হঠাৎই তাল কেটে গেল। ম্যাচ অনুশীলনের সময় কিয়ান নাসিরির কড়া ট্যাকলে মাঠে লুটিয়ে পড়লেন মোহনবাগান রক্ষণের স্তম্ভ আলবার্তো রদ্রিগেস। খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে বেরিয়ে ফের শুয়ে পড়লেন তিনি। বাঁ-পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় আর অনুশীলনেই নামতে পারলেন না আলবার্তো।
আইএসএলের তৃতীয় ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জোড়া গোল করার পরে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রবসন রবিনহো। শেষ দু’টি ম্যাচে খেলতে পারেননি ব্রাজিল তারকা। গত শনিবার বেঙ্গালুরুতে সুনীল ছেত্রীদের সঙ্গে গোলশূন্য ড্র করে কলকাতায় ফেরার পরে ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ সের্খিয়ো লোবেরা। মঙ্গলবার থেকে মুম্বই ম্যাচের প্রস্তুতি শুরু করেন। রবসন স্বাভাবিক অনুশীলন করায় উদ্বেগ অনেকটাই কমে গিয়েছিল সবুজ-মেরুন শিবিরে। কিন্তু ফের অস্বস্তি বাড়ল আলবার্তো চোট পাওয়ায়। যদিও মোহনবাগান কর্তাদের দাবি, স্পেনীয় ডিফেন্ডারের চোট গুরুতর নয়। প্রশ্ন হচ্ছে রবসন ও আপুইয়া কি খেলতে পারবেন? কারণ, আপুইয়া এ দিন দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও পরে সাইডলাইনের ধারে বসে পড়েন।
এ দিকে, আইএফএলে মঙ্গলবার রাজস্থান ইউনাইটেড এফসি ১-০ হারাল রিয়াল কাশ্মীরকে।