জেএনএমে হাতাহাতি
}} দুর্ঘটনায় আহত মহিলার চিকিৎসা নিয়ে যাওয়া ঘিরে তাঁর পরিজন ও চিকিৎসকদের মধ্যে কার্যত হাতাহাতি হল কল্যাণী জেএনএম হাসপাতালে।জখম দুই চিকিৎসক-সহ বেশ কয়েক জন। হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে রোগীর দুই পরিজনকে ধরেছে পুলিশ। মঙ্গলবার কল্যাণী আদালত তাদের দশ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কল্যাণীর মাঝেরচর এলাকায় পথ দুর্ঘটনায় জখম হন মঞ্জু দাস। পরিবারের লোকজন তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাঁর ছেলে নারায়ণ দাসের অভিযোগ, “জরুরি বিভাগে কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না। জুনিয়র চিকিৎসকেরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। মোবাইলে ভিডিয়ো করতে গেলে আমাদের উপর হামলা চালানো হয়।”
ঝড়বৃষ্টির আভাস
}} চলতি সপ্তাহের শেষে ঝড়বৃষ্টির মাত্রা বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার জানিয়েছে যে চলতি সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুক্র এবং শনিবার থেকে ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলিতে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, দুই দিনাজপুর, মালদহে ঝড়ের মাত্রা বেশি হওয়ার আশঙ্কা আছে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টিও হতে পারে।
ভবানীপুরে সিপিএম
}} রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে নজরকাড়া দুই কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রাম। দুই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে লড়াইয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এ বার ভবানীপুরে মহিলা প্রার্থী দিতে পারে সিপিএম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাম শরিক সিপিআই-কে ফিরিয়ে দিচ্ছে সিপিএম। গত বার নন্দীগ্রামে সিপিএমের প্রার্থী হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এ বার সিপিআই সেখানে প্রার্থী দেবে। গত বার ‘নো ভোট টু বিজেপি’ অবস্থান নেওয়া সিপিআই (এম-এল) লিবারেশন এ বার বিজেপি ও তৃণমূল কংগ্রেস, বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করেছে। তার ভিত্তিতে রাজ্যের যে ১০টি আসনে তারা লড়বে, মঙ্গলবার তার প্রার্থী ঘোষণা করেছে লিবারেশন।