ফের সিপি বদল ব্যারাকপুরের
}} নির্বাচনের আগে ফের বদল করা হল ব্যারাকপুরের নগরপালকে। মুরলীধর শর্মাকে সরিয়ে কিছু দিন আগেই ব্যারাকপুরের নগরপালের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রবীণ ত্রিপাঠীকে। কমিশনারেট গঠিত হওয়ার আগে ব্যারাকপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন তিনি। হাতের তালুর মতো শিল্পাঞ্চলকে চিনতেন। নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে নতুন নগরপাল করা হল আইপিএস অমিতকুমার সিংহকে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব সামলেছেন তিনি। আজ, বুধবার বেলা ১১টার মধ্যে এই আধিকারিকদের কাজে যোগদানের সম্মতিসূচক রিপোর্ট পাঠাতে বলেছে কমিশন।
বাড়তি ট্রেন
}} ইদ উপলক্ষে শিয়ালদহ-লালগোলা শাখায় যাত্রীদের ভিড়ের চাপ সামলাতে কাল বৃহস্পতিবার, পরশু শুক্রবার এবং আগামী রবিবার (২২ মার্চ) পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন বিশেষ ট্রেন চালাবে। এর মধ্যে কাল শিয়ালদহ-লালগোলা এবং লালগোলা-রানাঘাট রুটে দু’টি বিশেষ ট্রেন বেলা ১১টা ৫৫ মিনিট এবং বিকেল ৫টা ৪৫ মিনিটে যথাক্রমে শিয়ালদহ এবং লালগোলা থেকে ছাড়বে। শুক্রবার, ২০ মার্চ লালগোলা থেকে শিয়ালদহ অভিমুখে ভোর ৪টে ৫০ মিনিটে এবং শিয়ালদহ থেকে লালগোলা অভিমুখে দুপুর ৩টে ২০ মিনিটে দু’টি বিশেষ ট্রেন ছাড়বে। ২২ মার্চ, রবিবার রানাঘাট থেকে লালগোলা অভিমুখে সকাল ৯টা ৫০ মিনিটে এবং লালগোলা থেকে শিয়ালদহ অভিমুখে দুপুর ২টো ১৫ মিনিটে দু’টি বিশেষ ট্রেন ছাড়বে।
জল প্রকল্প
}} রাজপুর-সোনারপুর পুর এলাকায় পানীয় জলের গতি ও মান বাড়াতে পেয়ারাবাগান বুস্টার পাম্পিং স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে। কেএমডিএ সূত্রের খবর, পাম্পিং ব্যবস্থার সংস্কার ও যন্ত্রপাতির জন্য কয়েক লক্ষ টাকা ব্যয় হবে। কাজ শেষ করতে সময় লাগবে প্রায় এক বছর। এই পরিকল্পনা রূপায়িত হলে এলাকায় পানীয় জল সরবরাহের সমস্যার স্থায়ী সমাধান হবে।
দফতর সংস্কার
}} সরকারি কার্যালয়ের কাজের পরিবেশ উন্নত করতে মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের সদর কার্যালয় সংস্কারে উদ্যোগী হল পূর্ত দফতর। প্রায় সাত লক্ষ টাকা ব্যয়ে ভবনের ষষ্ঠ তলের বিভিন্ন ঘর ও শৌচাগার আধুনিক করা হবে। মাত্র এক মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পূর্ত দফতরের কলকাতা পূর্ব ডিভিশন পুরো প্রক্রিয়া পরিচালনা করবে।
আহত দুই
}} কালবৈশাখীর জেরে হওয়া বৃষ্টিতে একটি বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ল পাশের একটি টালির চালের বাড়ির উপরে। এই ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাতে, একবালপুর থানা এলাকার মৌলানা মহম্মদ আলি রোডে। আহতদের নাম নুর হাসান ও ইদ্রিস। তাঁরা আপাতত হাসপাতালে ভর্তি।