হাওড়ার টিকিয়াপাড়ায় এ বার পূর্ব রেলের জমিতে গজিয়ে ওঠা বেআইনি বস্তি উচ্ছেদ করতে চালানো হল বুলডোজ়ার। মঙ্গলবার দুপুরে সেখানকার ১২০টি ঝুপড়ি ভেঙে দেওয়া হয়। এর জেরে ঝড়-বৃষ্টির মধ্যেই মাথার উপর থেকে ছাদ চলে যায় হাজারখানেক মানুষের। রেলের দাবি, বস্তির বাসিন্দাদের গত ১৯ জুনের মধ্যে সরে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা যাননি। তাই এ দিন বুলডোজ়ার এনে তাঁদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এক রেলকর্তার বক্তব্য, “যে সব জায়গায় রেলের সম্প্রসারণের কাজ হচ্ছে, সে সব জায়গায় আমরা রাজ্য সরকারের সহযোগিতায় আগে নোটিস পাঠিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছি।” উচ্ছেদ হওয়া বাসিন্দাদের জন্য পুনর্বাসনের কোনও ব্যবস্থা করা হয়নি বলে জানিয়েছে রেল (সবিস্তার: কলকাতা)। ছবি: দীপঙ্কর মজুমদার