পরিচালনায় ফিরছেন স্বপন সাহা
দীর্ঘ দিন পর পরিচালনায় ফিরতে চলেছেন স্বপন সাহা। তাঁর নতুন ছবির নাম ‘মন ছুঁই’। দর্শনা বণিক, রোহন ভট্টাচার্য, রাজেশ শর্মা, অনামিকা সাহা, লাবণী সরকার, বিশ্বনাথ বসুর মতো শিল্পীরা রয়েছেন ছবিতে। মুম্বইয়ের অভিনেতা মুদাসির রশিদ ভট্টকেও দেখা যাবে ছবিতে। একটি আইটেম নাম্বারে দেখা যাবে কৃতী বর্মাকে।
প্রায় ছ’বছর পরে ক্যামেরার নেপথ্যে ফিরছেন বর্ষীয়ান পরিচালক। ‘বাবা কেন চাকর’, ‘এমএলএ ফাটাকেষ্ট’-সহ বহু জনপ্রিয় মূলধারা ছবির নির্দেশক শেষ কাজ করেছেন ২০২০ সালে। এ বার মিউজ়িক্যাল প্রেমের গল্প বেছে নিয়েছেন তিনি। ছবিতে শোনা যাবে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে ও জ়ুবিন গর্গের রেকর্ড করা বাংলা গানও। এ ছাড়া সোনু নিগম, রিতু পাঠক, অন্বেষা দত্তগুপ্তের কণ্ঠেও গান থাকবে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন মনোজিৎ গোস্বামী। অসীম কুমার নাগ ও নন্দিতা নাগ প্রযোজিত এই ছবির শুটিং শুরু হতে চলেছে জুলাই থেকে।