দুরন্ত ঘানা, ড্র ইংল্যান্ডের
নিজস্ব প্রতিবেদন
২৩ জুন: ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বকাপে দুরন্ত যাত্রা শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ম্যাচেই আটকে গেলেন হ্যারি কেন-রা। মঙ্গলবার রাতে বস্টনে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করল ইংল্যান্ড।
খেলা শুরু হওয়ার ১৬ মিনিটের মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়েছিল ইংল্যান্ড সমর্থকদের মধ্যে। মাথায় চোট পান হ্যারি। যদিও কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ান তিনি। প্রথমার্ধে আধিপত্য থাকলেও গোলের মুখ খুলতে পারেননি ইংল্যান্ডের ফুটবলারেরা। ঘানার রক্ষণে বারবার আটকে যান জুড বেলিংহাম, হ্যারি-রা। দ্বিতীয়ার্ধেও এক ছবি। ৮৬ মিনিটে বুকায়ো সাকার শট বাঁচান ঘানার গোলরক্ষক। এক মিনিট পরে নিক ও’রেইলির হেড ক্রসবারে ধাক্কা খায়। ফিরতি বল অবিশ্বাস্য ভাবে বাইরে মারেন হ্যারি। ফলে মঙ্গলবারই নক-আউট পর্ব যোগ্যতা অর্জনের আশা অপূর্ণ থাকল ইংল্যান্ডের।
বিশ্বকাপ ২০২৬
ইংল্যান্ড ০n ঘানা ০