ত্রিকোণ টানাপড়েন
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রচার চলার সময়েই প্রকাশ্যে এসেছিল তলপতি বিজয়ের সঙ্গে তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের ২৭ বছরের দাম্পত্যে ছেদ পড়ার খবর। গত বছরই বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সঙ্গীতা। এই সম্পর্কে ভাঙনের নেপথ্যে উঠে এসেছিল অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নাম। তার পর জল অনেক দূর গড়িয়েছে। নির্বাচনে জিতে অভিনেতা বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে সঙ্গীতা নয়, হাজির ছিলেন তৃষা। কিন্তু এক মাসের মধ্যেই কাহিনিতে নতুন মোচড়। বিজয় ও সঙ্গীতা নাকি নিজেদের সম্পর্ক মেরামত করার চেষ্টা করছেন। বিবাহবিচ্ছেদ থেকে তাঁরা সরে আসতে চাইছেন, এমনটাও শোনা যাচ্ছে। এর মধ্যেই মঙ্গলবার বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন তৃষা। তাতেই ত্রিকোণ টানাপড়েনের সম্ভাবনা জোরালো হয়েছে।
গত তিন বছর ধরে বিজয় ও তৃষা সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। সোমবার ছিল বিজয়ের জন্মদিন। কিন্তু তৃষা সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা না জানানোয় জল্পনা তৈরি হয়। তবে এ দিন বিজয়ের সঙ্গে নিজের ছবি দিয়ে সেই জল্পনায় জল ঢেলেছেন তৃষা।
অন্য দিকে, বিবাহবিচ্ছেদ থেকে বিজয়ের পিছিয়ে আসার নেপথ্যে নানা কারণ শোনা যাচ্ছে। বিজয়ের মা নাকি এ বিষয়ে উদ্যোগী হয়েছেন। যদিও শপথগ্রহণের দিন তৃষার সঙ্গে তাঁকে কথা বলতে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী হিসেবে ভাবমূর্তি রক্ষা এবং খোরপোষের জন্য সম্পত্তির বড় অংশ যাতে খোয়াতে না হয়, তার জন্য বিজয় বিয়ে টিকিয়ে রাখতে চান, বলে শোনা যাচ্ছে। অগস্টে বিবাহবিচ্ছেদের মামলার শুনানির দিন রয়েছে। তখনই স্পষ্ট হবে, এই ত্রিকোণ সম্পর্কের ভবিষ্যৎ।