ফুটপাতবাসী বালিকাকে ধর্ষণ-খুন, গ্রেফতার যুবক
নয়াদিল্লি, ২৩ জুন: বছর এগারোর এক নাবালিকাকে ফুটপাথ থেকে অপহরণ করে তাকে ধর্ষণ ও পরে নির্মম ভাবে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। সোমবার দক্ষিণ দিল্লির মেহরৌলির ঘটনা। অভিযুক্ত যুবক বাসুকুমার সিংহ (২৯) পেশায় গাড়িচালক।
জানা গিয়েছে, আজ ভোর ৫টা নাগাদ দিল্লি পুলিশকে ফোন করেছিলেন নাবালিকার বাবা। তিনি জানান, মেয়ের কোনও খোঁজ মিলছে না বেশ কিছু ক্ষণ। মেহরৌলির একটি মেট্রো স্টেশনের বাইরের ফুটপাতে বসবাসকারী ওই পরিবারের অভিযোগ পাওয়া মাত্র তদন্ত শুরু করে পুলিশ। নাবালিকার খোঁজ করতে ওই এলাকার আশপাশে থাকা ২০০টিরও বেশি সিসি ক্যামেরা ভিডিয়ো খতিয়ে দেখে তারা। দেখা যায়, পরিবারটি যেখানে থাকে, সে রাস্তার কাছে ভোর পৌনে ৫টা নাগাদ নিজের গাড়িটি রেখেছিল এক যুবক। তার পর থেকেই আর খোঁজ মিলছিল না মেয়েটির। কোনও রকমে পশ্চিম দিল্লির বিকাশপুরী থেকে ওই সন্দেহভাজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বাসুকুমার সিংহ নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করায় এক বার সে বলে, নেশাগ্রস্ত অবস্থায় সে ওই নাবালিকাকে অপহরণ করে ফরিদাবাদ-গুরুগ্রাম রোডে নিয়ে গিয়েছিল। সেখানেই তাকে ধর্ষণ করার পরে শ্বাসরোধ করে খুন করে সে। ভারী পাথর দিয়ে মেয়েটির বুকের উপরে বার বার আঘাত করে দেহটি ক্ষতবিক্ষত করে দেয়। এর পরে নাবালিকার দেহটি ওই রাস্তার ধারেই পাথরচাপা দিয়ে নিজের কাজে
ফেরে অভিযুক্ত।
পরে আবার স্বীকারোক্তি কিছুটা বদলে বাসু দাবি করে, ফাতেপুর বেরির কাছে নিয়ে গিয়ে নিজের গাড়ির ভিতরেই নাবালিকার উপরে অত্যাচার চালিয়েছিল সে। এই সময়ে সে এ-ও বলে, ধর্ষণের পরে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কথাও নাকি তার মাথায় এসেছিল। যুবকের বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় পুলিশ মনে করছে, আরও কোনও কথা সে লুকিয়ে যাওয়ার
চেষ্টা করছে।
পুলিশ অবশ্য এ-ও জানিয়েছে, বয়ানে অসঙ্গতি থাকলেও বাসুর চোখে-মুখে অনুশোচনার কোনও ছাপই নেই। ভোরবেলা এই কাণ্ড ঘটানোর পরে সে ভাড়াও খেটেছিল। এক যাত্রীকে বিকাশপুরীর কাছে নামানোর সময়েই পুলিশ তাকে
আটক করে।
নাবালিকার পরিবার এই ঘটনায় অপরাধীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে। মেয়েটিকে চুপ করাতে তাকেও বাসু মাদক খাইয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও
ফরেন্সিক দল সংবাদ সংস্থা