অভিষেকের ‘শ্রদ্ধার্ঘ্য’ নিয়েও নালিশ
নিজস্ব সংবাদদাতা
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার নতুন অভিযোগ। অভিষেকের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে তাঁর নামাঙ্কিত বয়স্কদের জন্য পেনশন উদ্যোগের (পোশাকি নাম ‘শ্রদ্ধার্ঘ্য’) টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে বিষ্ণুপুর থানায় অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। তিনি ২০২৪-এর লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন।
অভিযোগপত্রে অভিজিৎ জানান, ‘শ্রদ্ধার্ঘ্য’-এর অধীনে অন্তত ৭৬ হাজার প্রবীণ প্রতি মাসে হাজার টাকা করে পাচ্ছেন। এর জন্য বছরে খরচ হয় প্রায় ৯১.২ কোটি টাকা। অভিজিতের বক্তব্য, ‘‘এত বড় আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা জরুরি। কিন্তু এখানে অডিট করা আর্থিক বিবরণী, উপভোক্তাদের তালিকা-সহ নানা বিষয় প্রকাশ করা হয়নি।’’ বিগত রাজ্য সরকারের আমলে ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে বার্ধক্য ভাতার জন্য আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য অভিষেকের ‘শ্রদ্ধার্ঘ্য’ উদ্যোগে ব্যবহার করা হয়েছে কিনা, সেই প্রশ্নও তুলেছেন অভিযোগকারী। পুলিশের কাছে প্রয়োজনে বিষয়টি আয়কর বিভাগ ও ইডি-র নজরে আনার মতো দাবিও তোলা হয়েছে। অভিজিৎ বলেছেন, “এই কর্মসূচি কতটা স্বচ্ছ ও আইনসম্মত, তা দেখা হোক।”