কুণাল-সহ শাস্তি ৮ জনের
আদালত অবমাননা এবং আইনজীবীদের চেম্বারে হাঙ্গামার দায়ে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক কুণাল ঘোষ-সহ আটজনকে অর্থদণ্ড দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ জানায়, চার সপ্তাহের মধ্যে কুণালকে ২ হাজার টাকা এবং বাকি সাতজনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দিতে হবে। অনাদায়ে প্রত্যেকের তিন দিনের কারাবাস হবে।
গত বছর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশের পরে একদল চাকরিপ্রার্থী রাস্তায় বিচারপতির ছবি পা দিয়ে মাড়িয়ে বিক্ষোভ দেখান। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং ফিরদৌস শামিমের চেম্বার ঘেরাও করে হাঙ্গামাও করেন। সেই ঘটনায় আদালত অবমাননার মামলা দায়ের করে তিন বিচারপতির বিশেষ বেঞ্চকে বিচারের ভার দিয়েছিলেন হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি।
শুনানিতে কুণাল-সহ আটজন ক্ষমাপ্রার্থনা করলেও তা মঞ্জুর করেনি কোর্ট। কুণালের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, ক্ষমাপ্রার্থনা করার পাশাপাশি কুণাল নিজের কাজের পক্ষে সাফাই দিয়েছেন এবং মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আদালতের পর্যবেক্ষণ, ক্ষমাপ্রার্থনার মধ্যে অনুতাপ প্রকাশ পাওয়া উচিত। ‘চড় মেরে দুঃখপ্রকাশ’ চলতে
পারে না।
কুণালের ক্ষমাপ্রার্থনায় প্রকৃত অনুতাপ এবং দুঃখপ্রকাশ খুঁজে পায়নি আদালত। বাকি সাত জনের ক্ষেত্রে কোর্টের পর্যবেক্ষণ, শিক্ষিত হয়েও বিচার ব্যবস্থা এবং এক জন বিচারপতিকে অসম্মান করেছেন তাঁরা। তাই তাঁদের ক্ষমা করা যায় না।
নিজস্ব সংবাদদাতা