‘যৌন নির্যাতনে’ ধৃত শিক্ষক
}} আত্মরক্ষার পাঠ দেওয়ার আড়ালে দিনের পর দিন এক আবাসিক নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগে গ্রেফতার করা হল এক মার্শাল আর্ট শিক্ষককে। ধৃত প্রসেনজিৎ দাস একটি স্বেচ্ছাসেবী সংস্থার হস্টেলে ওই কিশোরী আবাসিককে ক্যারাটে ও কুংফু শেখাত। পুলিশ সূত্রের খবর, ওই হস্টেলে মূলত দুঃস্থ ও অভিভাবকহীন নাবালিকারা থাকে। দক্ষিণ কলকাতার বাসিন্দা, নির্যাতিতা নাবালিকা ফুটপাতে থাকত। গত বছর পরিচিত কয়েক জন তাকে ওই হস্টেলে রেখে আসেন। সেখানে সে অন্যদের মতো মার্শাল আর্ট শিখতে শুরু করে প্রসেনজিতের কাছে। মেয়েটির অভিযোগ, ওই শিক্ষক ক্যারাটে ও কুংফু শেখানোর ফাঁকেই তাকে যৌন নিগ্রহ করত। এর পরেই শিশু কল্যাণ কমিটির হস্তক্ষেপে বিষয়টি পুলিশকে জানানো হয়। দায়ের হয় এফআইআর। ১০ জুলাই প্রসেনজিৎকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন তাকে আদালতে তোলা হলে ১ দিনের পুলিশি হেফাজত হয়। সোমবার প্রসেনজিৎকে পকসো কোর্টে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠান বিচারক।