বাগজোলা খালে মিলল নিখোঁজ কর্মীর মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা
নিখোঁজ হওয়ার দু’দিন পরে নিউ টাউনে বাগজোলা খাল থেকে উদ্ধার হল তথ্যপ্রযুক্তি কর্মীর দেহ। মৃতের নাম অরিন্দম সেন (৩৪)। তিনি কেষ্টপুরের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রের খবর, শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন অরিন্দম। সঙ্গে ছিল লাল রঙের ব্যাগ ও চায়ের ফ্লাস্ক। এর পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না।
অরিন্দমের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যেরা। পরিচিত বিভিন্ন জনের কাছ থেকে তাঁরা জানতে পারেন, কেষ্টপুরে বাগজোলা খালের কাছে অরিন্দমকে শেষ বার দেখা গিয়েছে। এর পরেই পরিজনেরা বাগুইআটি থানার দ্বারস্থ হন। পুলিশ বিভিন্ন সূত্র এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে। সেই অনুযায়ী বিপর্যয় মোকাবিলা বাহিনী বাগজোলা খালে তল্লাশি চালালেও অরিন্দমের খোঁজ মেলেনি।
অবশেষে, সোমবার দুপুরে নিউ টাউনের যাত্রাগাছি নন্দননগর সংলগ্ন বাগজোলা খালে এক যুবকের দেহ ভাসতে দেখে স্থানীয়েরা নিউ টাউন থানায় জানান। পুলিশ এসে দেহ উদ্ধার করে। বিষয়টি জানানো হয় অরিন্দমের পরিবারকে। পরিবারের সদস্যেরা এসে দেহ শনাক্ত করেন।
অরিন্দমের পরিবারের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জেনেছেন, সম্প্রতি তিনি কাজ হারিয়েছিলেন। তার পর থেকে অবসাদে ভুগতে শুরু করেন। তার জেরে এই ঘটনা কিনা, দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যার ইঙ্গিত মিললেও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।