এক তরুণীকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে উত্তর কলকাতার একটি এলাকায়। আক্রান্ত হয়েছেন তরুণীর এক বন্ধুও। শুক্রবার রাতের ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শুভঙ্কর দত্ত। মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি তিন জন পলাতক।
পুলিশের কাছে ওই তরুণীর অভিযোগ, শুক্রবার রাতে তিনি তাঁর বন্ধুর সঙ্গে মোটরবাইকে লেক টাউনের দিকে যাচ্ছিলেন। পথে একটি গলিতে কয়েক জনের মধ্যে বচসা চলছিল। যার জেরে রাস্তা আটকে যায়। তরুণীর বন্ধু হর্ন বাজাতে থাকেন। তাতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্তেরা তাঁর উপরে চড়াও হয়। বচসা বাধে। তারা তরুণীর বন্ধুর বাইকের চাবি কেড়ে নেয় এবং তাঁকে চড় মারে। তরুণীর বন্ধুর ঠোঁট ফেটে যায় ও চশমা ভেঙে যায় বলে অভিযোগ।
তরুণীর আরও অভিযোগ, তিনি ঘটনাটি ভিডিয়োবন্দি করায় তাঁকে হুমকি দিতে থাকে অভিযুক্তেরা। ভয়ে ভিডিয়ো মুছে দেন তরুণী। এর পরেই তাঁর উপরে চড়াও হয় অভিযুক্তেরা। তাঁকে একটি সরু রাস্তায় নিয়ে যাওয়া হয়। তরুণী চিৎকার করতে থাকেন। তাঁকে সেখানে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। টানাটানিতে তাঁর গলায় থাকা হার ছিঁড়ে যায়। এর পরে তরুণীর আত্মীয়েরা ছুটে এলে তাঁদের উপরেও চড়াও হয় অভিযুক্তেরা। ভয় দেখানো হয় আগ্নেয়াস্ত্র দিয়েও।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করা চলছে। পাশাপাশি, বাকিদের ধরতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তেরা মত্ত অবস্থায় ছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।