হেনস্থার মিথ্যা মামলা, ধৃত মডেল
}} এক চিকিৎসককে যৌন হেনস্থার মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে শুক্রবার বিকেলে এক মডেলকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চসায়র থানার পুলিশের দাবি, গ্রেফতারির পরে ওই মহিলাকে লালবাজারের সেন্ট্রাল লক-আপে নিয়ে যাওয়া হলেও তিনি থাকতে চাননি। গত এপ্রিলে ওই চিকিৎসকের স্ত্রী আদালতে অভিযোগে জানান, তাঁর স্বামীর রোগিণী ওই মহিলা পেশায় মডেল। তিনি চিকিৎসককে হেনস্থা করে ও হুমকি দিয়ে টাকা আদায়ে চাপ দিচ্ছিলেন। টাকা না পেয়ে যৌন হেনস্থার অভিযোগ করেন। যার ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। চিকিৎসকের স্ত্রী কোর্টে গেলে আদালত তদন্তের নির্দেশ দেয়। তদন্তে জানা যায়, ওই মডেল বিভিন্ন থানায় যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছেন। তদন্তে অভিযোগ মিথ্যা বলে প্রমাণ মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। লালবাজার জানায়, সব মামলা খতিয়ে দেখা হচ্ছে। সেগুলি মিথ্যা প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।