নির্মীয়মাণ বহুতল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। শনিবার ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার রামকৃষ্ণপল্লিতে। মৃতের নাম রঞ্জু মণ্ডল (৪৫)। বাড়ি সোনারপুর থানা এলাকার চাঁদপুরে।
পুলিশ জানিয়েছে, ওই বহুতলে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন রঞ্জু। বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুক্রবার শ্রমিকেরা বহুতলে মদের আসর বসান। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে রঞ্জুর খোঁজ শুরু করে পরিবার। দুপুরে ওই বহুতলে রঞ্জুর দেহ মেলে। সঙ্গীদের দেখা মেলেনি।
রঞ্জুর বাড়িতে আছেন মা, স্ত্রী, দুই ছেলে-মেয়ে। পরিবারের অভিযোগ, রঞ্জুর দেহে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের। রঞ্জুর দিদি মঞ্জু মণ্ডল বলেন, “চোখে, নাকে রক্ত লেগে ছিল। ওকে মেরে ফেলা হয়েছে। মদ খেয়ে অসুস্থ হলে সঙ্গীরা বাড়িতে না জানিয়ে পালিয়ে গেল কেন?” পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ বোঝা যাবে।