১৯ সেপ্টেম্বর: দাবা অলিম্পিয়াডে ভারতীয় দলের জয়রথ ছুটছে। এ বার চতুর্থ রাউন্ডে ওপেন বিভাগে গুকেশরা হারালেন ৩-১ ফলে স্পেনকে এবং মেয়েদের বিভাগে একই ফলে দিব্যা দেশমুখরা হারালেন মঙ্গোলিয়াকে। ওপেন বিভাগে অর্জুন এরিগাইসি ও গুকেশ জয় পান। ড্র করেন প্রজ্ঞানন্দ ও নিহাল সারিন। মেয়েদের বিভাগে জয় পান দিব্যা দেশমুখ ও সবিতা শ্রী। ড্র করেন কনেরু হাম্পি ও বৈশালী।
ওপেন বিভাগে সবচেয়ে উল্লেখযোগ্য হল গুকেশের জয়। তাঁর বিপক্ষে ছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সেই শিরভ। ৪২ চালেই তিনি মাত দিয়ে দেন তাঁকে। দু’দিন আগেই লাইভ রেটিংয়ে ২৭০০-র নীচে নেমে গিয়েছিলেন গুকেশ। সেখান থেকে পরপর দু’দিনে দুটি জয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন গুকেশ। দ্বিতীয় বোর্ডে ভারতকে যদিও প্রথমে এগিয়ে দিয়েছিলেন অর্জুন এরিগাইসি। তিনি হারান ম্যাক্সিম শিগায়েভকে। পাশাপাশি প্রজ্ঞা ড্র করেন দাভিদ অ্যান্টন গিহারোর সঙ্গে এবং নিহাল সারিন ড্র করেন জেইমে সান্তোস লাতাসার বিরুদ্ধে।
বিশ্বচ্যাম্পিয়ন হলেও গুকেশের চার নম্বর বোর্ডে খেলা নিয়ে চর্চা চলছে। তবে ফিডেকে গুকেশ জানিয়েছেন, ‘‘প্রজ্ঞা এবং অর্জুন খুব ভাল ছন্দে আছে। সেটা রেটিং দেখেও বোঝা যাচ্ছে। আমি এবং দল মনে করেছে এই অর্ডারে খেললে আমাদের প্রতিযোগিতা জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এখানে ভারতের প্রতিনিধিত্ব করছি আর কোনও খেলোয়াড়ই দেশের চেয়ে বড় নয়।’’
মেয়েদের বিভাগে বি সবিতা শ্রী প্রতিযোগিতার চতুর্থ জয়ে নজর কেড়ে নেন। তিনি হারান অভিজ্ঞ মুঙ্গুনটুল বাথুয়াগকে। পাশাপাশি বিশ্বকাপ জয়ী দিব্যা জয় পান বাসাগালান খিশিগবাতারের বিরুদ্ধে। ফলে বৈশালী ও হাম্পি ড্র করলেও ভারতের জয় আটকায়নি।