১৯ সেপ্টেম্বর: টেস্ট ম্যাচ যখন তিনি খেলতে নামতেন, ভীষণ চাপে পড়ে যেতেন। এতটাই যে, রাতে ঘুমও আসত না ঠিক করে। তখন একটা বিশেষ খাবার খেতেন তিনি। কী সেই খাবার? একটি অনুষ্ঠানে সেটা ফাঁস করলেন
রোহিত শর্মা।
আপনি কি টেস্ট খেলতে নামার আগে চাপে থাকতেন? জবাবে রোহিত বলেছেন, ‘‘আমি মিথ্যা বলব না। যখনই ভারতের খেলতাম, ভিতরে ভিতরে ভীষণ নার্ভাস থাকতাম। বিশেষ করে টেস্ট ম্যাচের সময়। কারণ টেস্ট আমার প্রিয় খেলা ছিল।’’ ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে ৬৭টি টেস্ট খেলেছেন রোহিত। রান করেছেন ৪৩০১। শতরান ১২টি। সর্বোচ্চ ২১২। তিনি আরও বলেছেন, ‘‘কোনও ফর্ম্যাটেই খেলা সহজ হয় না। কিন্তু টেস্টের ব্যাপারটাই আলাদা। টেস্টে অন্য রকম পরীক্ষার মুখে পড়তে হয়।’’
এর পরেই রোহিতের মন্তব্য, ‘‘যে কারণে টেস্ট ম্যাচের আগে রাতে আমার ঘুম আসত না। সারা রাত জেগে বসে থাকতাম।’’ আর রাতে জেগে থাকতে থাকতে খিদে পেয়ে যেত রোহিতের। কী খেয়ে থাকতেন তখন তিনি? অনুষ্ঠানে ফাঁস করেছেন হিটম্যান। বলেছেন, ‘‘রাতে জেগে থাকলে সব সময় একটা খিদে খিদে ভাব থাকত। কিছু খেতে ইচ্ছে করত। তাই আমার বিশেষ প্রিয় একটা খাবার সঙ্গে রাখতাম সব সময়।’’
কী ছিল সেই বিশেষ খাবার? রোহিতের জবাব, ‘‘আমার মা আমাকে সব সময় ওই খাবারটা বানিয়ে খাওয়াত। খাবারটা হল ব্যানানা ওয়েফার্স।’’ রোহিতের কথায়, ‘‘ওটা ভাজা নয়। মা সিদ্ধ করে বানাত খাবারটা। আর আমি সব সময়
সঙ্গে রাখতাম।’’