তারাতলায় গোডাউন বিপর্যয়ে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়-সহ সাত জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। প্রায় দু’ হাজার পাতার চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১০ (অনিচ্ছাকৃত হত্যার চেষ্টা) এবং ৩ (৫) (অনেকে মিলে করা অপরাধ)-এর ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত ২৪ জুন দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ তিনতলা গুদাম ভেঙে পড়েছিল। গুদামের নীচে চাপা পড়ে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। আহত হন একাধিক শ্রমিক। এই ঘটনায় গ্রেফতার হন ‘আয়ান ট্রেডার্স’ সংস্থার সুপারভাইজ়ার গুলজার হুসেন, লোহার কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা কমল সামন্ত, জমির লিজ় নেওয়া শম্ভুনাথ বেহেরা, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভান্ডারি এবং কলকাতা পুরনিগমের নকশা অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত আবদুল হামিদ। পরে গ্রেফতার করা হয় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন ওএসডি কালীচরণ ও পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুরকে। জানা গিয়েছে, দু’হাজার পাতার চার্জশিটে প্রায় ১০০ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, ‘‘তদন্তে একশো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যা তথ্য প্রমাণ রয়েছে তাতে ধৃতদের দোষী সাব্যস্ত করা যাবে বলে
আমার আশা।’’