কোনও এলাকায় বন্যা হলে সেখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে দেওয়া হবে। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার এ কথা জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী সোমবার থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষায় ওএমআর শিটে উত্তর লিখতে হবে। প্রশ্ন ফাঁস রুখতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সভাপতি জানান। তিনি জানান, এই পরীক্ষার জন্য হেল্প ডেস্ক (০৩৩-২৩৩৭০৭৯২/৬২৮৯৮৮৬৬০৬) খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩৩৭৯৬৬১।
এ দিন মসিউর বলেন, ‘‘প্রতিটি প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর থাকবে। পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের সিল খোলা হবে। প্রমাণস্বরূপ দু’জন করে পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে। সকাল ১০টা ৫৫ মিনিটে প্রশ্নের সিল খোলা হবে। বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হবে।’’ সংসদ জানিয়েছে, মোবাইল-সহ ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব পরীক্ষাই বাতিল করা হবে। সব কেন্দ্রেই শিক্ষক ও শিক্ষাকর্মীরা মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ঢুকতে দেবেন। সকাল ১০টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও থাকবে।
এ বার দু’বার পরীক্ষা সূচি বদল হয়েছে। তার জন্য দু’বার অ্যাডমিট কার্ডও বদলেছে। অভিযোগ, কিছু স্কুল এখনও সর্বশেষ অ্যাডমিট কার্ড প্রিন্ট করে পরীক্ষার্থীদের দিতে পারেনি। সংসদ জানিয়েছে, প্রথম বার যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল, সেটি নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে। সংসদ জানিয়েছে, এত দিন উত্তরপত্র ট্রেনে করে সংসদের আঞ্চলিক অফিসে পৌঁছত। এ বার থেকে তা ডাকযোগে পাঠানো হবে। ওএমআর শিট-এ পরীক্ষা হওয়ায় এ বারই প্রথম যন্ত্র দিয়ে মূল্যায়ন হবে। তৃতীয় সিমেস্টারে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ১৮ হাজার ৬২০ জন। তার মধ্যে ছাত্র ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১ এবং ছাত্রী ৪ লক্ষ ২ হাজার ৮৮৯ জন। সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৯৯টি।