বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, সিরিজ় ২-২ শ্রেয়সদের
নিজস্ব প্রতিবেদন
১৭ অক্টোবর: টসটা হওয়ার পরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম জুড়ে গর্জন উঠল— ভুবনেশ্বর, ভুবনেশ্বর! ১৪২৫ দিন পরে ভারতের জার্সিতে ফিরলেন ভুবনেশ্বর কুমার। সেই ২০২২ সালে নিউ জ়িল্যান্ড সফরে ভারতের হয়ে শেষ বার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ভুবনেশ্বর। আবার আর একটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন ঘটল ভুবির। কিন্তু প্রকৃতির রোষে আর বল হাতে দৌড় শুরু করতে পারলেন না এই পেসার!
রবিবার বৃষ্টির কারণে ঘণ্টা দু’য়েক বাদে ম্যাচ শুরু হয়। ম্যাচ কমে দাঁড়ায় ন’ওভারের। কিন্তু ভারতের ইনিংসে ৭.৪ ওভার হওয়ার পরে ফের বৃষ্টি নামে। যার পরে আর ম্যাচ শুরু করা যায়নি। ফলে ২-২ অবস্থায় শেষ হল টি-টোয়েন্টি সিরিজ়!
ন’ওভারের ম্যাচ যে ভাবে শুরু হওয়ার কথা, ঠিক সে ভাবেই শুরু হল শনিবার। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শেই হোপ। শুরু থেকেই ঝড় তোলার চেষ্টায় ছিলেন ভারতের দুই ওপেনার। প্রথম ওভারে ওঠে ১৪ রান। কিন্তু মাত্র ৬ রান করে ফিরে যান অভিষেক শর্মা। দ্বিতীয় ওভারে নেমেই মারতে শুরু করেন ঈশান কিষন। রোমারিয়ো শেফার্ডের করা দ্বিতীয় ওভারে ওঠে ২৪ রান! এর মধ্যে একটি ওয়াইড। ২৪ রান নেন ঈশানই। তিনি করেন ১০ বলে ৩০!
যে ভাবে বৃষ্টি শুরু হয়েছিল, তাতে আশঙ্কা দেখা দিয়েছিল যে, ম্যাচ আদৌ হবে কি না। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামের অসাধারণ জল নিষ্কাশন ব্যবস্থার জন্য ম্যাচ শুরু হয় রাত ন’টা পরে। ম্যাচ কমিয়ে ন’ওভারের করে দেওয়া হয়। ভারতীয় দলে এ দিন দু’টি পরিবর্তন করা হয়। শিবম দুবে আর ভুবেনশ্বর কুমার আসেন নীতীশ কুমার রেড্ডি আর মায়াঙ্ক যাদবের জায়গায়।
ঝড়: ১০ বলে ৩০ রান ঈশানের। বৃষ্টিতে স্বপ্নভঙ্গ চিন্নাস্বামীর দর্শকদের। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। পিটিআই