দিল্লির বোলিং কোচ চামিন্ডা ব্যাস
আইপিএল ২০২৭-এর আগে কোচিং বিভাগ ঢেলে সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুবরাজ সিংহের পর এ বার চামিন্ডা ব্যাসকে কোচিং দলে নিয়ে এল তারা। শ্রীলঙ্কার প্রাক্তন পেসারকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল পেসার ব্যাস ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্যও ছিলেন। কোচ হিসেবেও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৫২ বছর বয়সি ব্যাসের। শ্রীলঙ্কার সিনিয়র দল ও জুনিয়র স্তরের বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বোলিং কোচ ছিলেন।
ফুটবলে নতুন কার্ড
ফুটবলে আসতে চলেছে ডিজিটাল লাল ও হলুদ কার্ড। এই যন্ত্রে কার্ড দেখানোর পাশাপাশি লোড করা যাবে ফুটবলারদের নাম। কাকে কখন হলুদ কার্ড দেখানো হয়েছে, কে লাল কার্ড দেখেছেন, সব তথ্যই রেকর্ড করা থাকবে। উরুগুয়ের লিগে পরীক্ষামূলক ভাবে এই কার্ড প্রথম বারের মতো ব্যবহার করা হয়েছে। প্রকল্পটির নেপথ্যে থাকা প্রতিষ্ঠান ‘রেফে’র পরিচালক মাউরো সাকো বলেছেন, ‘‘ফুটবলে একমাত্র যে বিষয়টি এখনও অ্যানালগ রয়েছে, আমরা সেখানে প্রযুক্তি নিয়ে আসতে কাজ করছি।’’
সরলেন জয়বর্ধনে
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ানস। এর মধ্যেই নতুন মরসুমে রোহিত শর্মার হাতে আবার অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়ার জল্পনা বাড়ছে। মুম্বইয়ের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক জয়বর্ধনের। তাঁর কোচিংয়েই ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই। জয়বর্ধনে বলেছেন, ‘‘এক দশকেরও বেশি সময় ধরে মুম্বই ইন্ডিয়ানস আমার ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ অংশ। দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, মুম্বই পরিবারের অসাধারণ সমর্থন এই অধ্যায়কে চিরস্মরণীয় করে রেখেছে।’’
নীরজের লক্ষ্য
গোড়ালির চোটে এশিয়ান গেমস ও ডায়মন্ড লিগ ফাইনালে ছিলেন না। তবে চোটের ধাক্কা এখন অনেকটা কাটিয়ে উঠেছেন। আগামী বছরে শক্তিশালী হয়ে ফিরতে চান অলিম্পিক্সে জোড়া পদকজয়ী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।