সাফে ভারতের খেলা নিয়ে অনিশ্চয়তা, দ্রুত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদন
১৭ অক্টোবর: আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে সাফ প্রতিযোগিতা, যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই রয়েছে রায়ান উইলিয়ামসদের নিউ জ়িল্যান্ড সফর। ফলে আদৌ ভারতের প্রধান দল সাফে অংশগ্রহণ করবে কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। মোট নয় বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। গ্রুপ ‘বি’-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান এবং মলদ্বীপ। সাফের সূচি অনুযায়ী, ৫ নভেম্বর পাকিস্তান এবং ১১ নভেম্বর মলদ্বীপের মুখোমুখি হবে ভারত।
আর এখানেই তৈরি হয়েছে সমস্যা। কেন? ভারত ও নিউ জ়িল্যান্ডের ক্রীড়া সম্পর্কের শতবর্ষ উপলক্ষ্যে ১২ ও ১৫ নভেম্বর কিউয়িদের দেশে দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলবে ভারত। এই পরিস্থিতিতে সাফে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর কথা ভেবেছিল ফেডারেশন। কিন্তু ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে। সেই সময়ে চলবে আইএসএলও। অর্থাৎ প্রতিযোগিতার শুরুতে ফুটবলার ছাড়বে কি না সেই বিষয়টি নির্ভর করবে ক্লাবদের উপরে।
পাশাপাশি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব-২৩ দলকে খেলার অনুমতি দেওয়া নিয়েও রয়েছে প্রশ্ন। কারণ এই প্রতিযোগিতা ফিফার প্রথম পর্যায়ের। ফলে এর ফলাফল ফিফা ক্রমতালিকার উপরেও প্রভাব ফেলবে। এই প্রসঙ্গে ফেডারেশনের এক কর্তা বলছিলেন, “সিনিয়র দল নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আইএসএল চলায় অনূর্ধ্ব-২৩ দলের সকলকে পাওয়া যাবে কি না সেই বিষয়টিও জানি না। আমরা সোমবার ফের বিষয়টি নিয়ে বৈঠকে বসব। আশা করি দ্রুত সমাধানসূত্র পাওয়া যাবে।”