চার্চিলকে সমীহ ইস্টবেঙ্গলের, নজর আনোয়ার-জিভুলিচ জুটিতে
নিজস্ব সংবাদদাতা
ইস্টবেঙ্গল বনাম চার্চিল ব্রাদার্স বললেই এখনও লাল-হলুদ সমর্থকদের মন চলে যায় ষোলো বছর আগের এক সন্ধেয়। যুবভারতীতে দু’গোলে পিছিয়ে পড়ার পরেও ইউসুফ ইয়াকুবু ও ভাইচুং ভুটিয়ার সৌজন্যে ৩-২ জেতে ইস্টবেঙ্গল। দু’দলের দ্বৈরথের ইতিহাসে এমন স্মরণীয় ঘটনা কম ঘটেনি। আইএসএলের মঞ্চেও কি রবিবার সে রকম কিছু দেখা যাবে?
আইএসএলে প্রথম বার খেলছে চার্চিল। প্রথম ম্যাচেই তারা মুম্বই সিটিকে হারিয়েছে ২-১ গোলে। গোয়ার মাঠে গোয়ার দলকে হারানো সবসময় কঠিন। ফলে মহাসপ্তমীর দিনে ইস্টবেঙ্গলের পরীক্ষাটা কঠিন হতে চলেছে। ডুরান্ড কাপে জয়ের পরে আইএফএ শিল্ডের ফাইনাল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে পরপর হার কিছুটা হলেও ইস্টবেঙ্গলের মনোবলে চিড় ধরিয়েছে। শনিবার বিকেলে গোয়ায় পৌঁছন
মহম্মদ রশিদরা।
আই লিগে ইন্টার কাশীর কোচ থাকাকালীন চার্চিলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে লাল-হলুদের স্পেনীয় চাণক্য আন্তোনিয়ো লোপেস হাবাসের। জয়ের ব্যাপারে তিনি কতটা আত্মবিশ্বাসী প্রশ্নের উত্তরে হাবাস শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেছেন, “চার্চিল কঠিন প্রতিপক্ষ। ইন্টার কাশীর কোচ থাকাকালীন ওদের বিপক্ষ হিয়েবে দেখেছিলাম। ওদের শক্তি সম্পর্কে জানি। আমরা সতর্ক। প্রথম ম্যাচ আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।” এর পরেই যোগ করেছেন, “পরপর আমাদের ম্যাচ খেলতে হয়েছে। তার তো একটা ধকল রয়েইছে। নতুন মাঠ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। আক্রমণ ও রক্ষণে ভারসাম্য বজায় রেখে তিন পয়েন্ট নিয়েই ফিরতে হবে।”
ইস্টবেঙ্গলের কোচের প্রধান মাথাব্যথার কারণ হতে চলেছে রক্ষণ। রবিবার লাল চুংনুঙ্গাকে রক্ষণে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। চার্চিলের কলম্বিয়ান স্ট্রাইকার সেবাস্তিয়ান গুতিয়েরেসকে জায়গা দিলে সমস্যা বাড়বে ইস্টবেঙ্গলের। আনোয়ার আলি এবং দিয়েগো জিভুলিচ জুটির দিকেও নজর থাকবে। স্ট্রাইকার হিসেবে শুরু করতে পারেন ডেভিড লালহানসাঙ্গা।
শেষ বার আই লিগে ২০২০ সালে চার্চিলের বিরুদ্ধে খেলেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ১-১ ড্র হয়। তার পরে ফের রবিবার চার্চিলের প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ৩ পয়েন্ট এলেও তা মাথায় রাখতে চাইছেন না চার্চিলের কোচ দিমিত্রিস দিমিত্রিউ। মশালবাহিনীর বিরুদ্ধে নামার আগে তিনি বলেছেন, “প্রথম ম্যাচে জিতে আমরা তিন পয়েন্ট পেয়েছি। সেই ম্যাচ এখন অতীত। আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। প্রত্যেকে নিজেদের খেলা সম্পর্কে বিশ্লেষণ করেছে। আশা করি রবিবার আরও ভাল ফুটবল সমর্থকদের উপহার দিতে পারব।”
বেঙ্গালুরুর জয়: শনিবার আইএসএলে বেঙ্গালুরু এফসি ২-০ হারিয়েছে চেন্নাইয়িন এফসিকে। গোল করেছেন রায়ান উইলিয়ামস এবং মিহায়িলো পেরোভিচ। ওড়িশা এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও ১-১ ড্র করল ইন্টার কাশী।
প্রত্যয়ী: ইস্টবেঙ্গলের মহড়ায় ডেভিড ও আনোয়ার। ইস্টবেঙ্গল এক্স