ফিরছেন শাহবাজ়, তিন স্পিনারে বাংলা
নিজস্ব সংবাদদাতা
দিল্লিতে সার্ভিসেসের বিরুদ্ধে রবিবার থেকে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় ম্যাচ বাংলার। হাঁটুর চোট সারিয়ে দলে ফিরছেন শাহবাজ় আহমেদ। রবিবার বাংলা নামছে তিন স্পিনার নিয়ে।
দিল্লির পালামের পিচ শেষ তিন দিন ধরে আচ্ছাদনের নীচে ঢাকা ছিল। ফলে আর্দ্রতা পেয়েছে পিচ। কিন্তু বাড়তি জল দেওয়া হয়নি। পিচের উপরের দিকে আর্দ্রতা থাকলেও নীচের দিক নাকি শুষ্ক। এই অবস্থায় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল মনে করছেন, প্রথম দিন থেকেই স্পিনাররা সাহায্য পাবেন।
সার্ভিসেসের তারকা অফস্পিনার পুলকিত নারাং দলের মূল শক্তি। এ ছাড়াও বরুণ চৌধরির মতো মিডিয়াম পেসার রয়েছে দলে। তাঁদের হাল্কা ভাবে নিতে চায় না বাংলা। শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে ছয় উইকেটে জিতে মরসুম শুরু করেছেন অভিমন্যু ঈশ্বরনেরা। সেই ছন্দই বজায়
রাখতে চান।
দ্বিতীয় ম্যাচে বাংলা পাচ্ছে না মুকেশ কুমার ও আকাশ দীপকে। ভারত ‘এ’-র হয়ে খেলতে নিউ জ়িল্যান্ড উড়ে গিয়েছেন তাঁরা। পেস বিভাগে মহম্মদ শামির সঙ্গে খেলবেন সূরজ সিন্ধু জায়সওয়াল। স্পিন বিভাগে যোগ হচ্ছে শাহবাজ় আহমেদের নাম। সঙ্গে থাকবেন আমির গনি ও প্রদীপ্ত প্রামাণিক। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে বল হাতে জয়ের নায়ক সুমন্ত গুপ্তকে চতুর্থ স্পিনার হিসেবে ব্যবহার করতে চায় বাংলা।
বৃষ্টির জন্য এক দিন অনুশীলন করতে পারেনি বাংলা। ম্যাচের আগের দিন শনিবার অবশ্য অনুশীলন করতে পেরেছেন মহম্মদ শামিরা। লক্ষ্মীরতন বলছিলেন, ‘‘শাহবাজ় অতীতে আমাদের অনেক কঠিন পরিস্থিতি থেকে বার করেছে। ব্যাট হাতে মূল্যবান রান আছে বাংলার জন্য। বল হাতেও একাধিক ম্যাচ জিতিয়েছে। পালামের স্পিন-সহায়ক পিচে শাহবাজ়কে পেয়ে শক্তি বাড়ল বাংলার।’’
আকাশ ও মুকেশকে না পাওয়ার আক্ষেপ কি নেই? লক্ষ্মী বলছিলেন, ‘‘ওরা আরও বড় কাজে গিয়েছে। ভারত ‘এ’-র প্রতিনিধিত্ব করবে। আকাশ তো ভারতীয় দলেও সুযোগ পেয়েছে। ওদের দু’জনকেই
অনেক শুভেচ্ছা।’’
প্রথম ম্যাচে ছয় পয়েন্ট পাওয়ার পরে বাংলা দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। সার্ভিসেসের বিরুদ্ধেও পুরো পয়েন্ট পেতে চান অভিমন্যুরা। মহারাষ্ট্রের কাছে শেষ ম্যাচে সার্ভিসেস হেরেছে। ফলে মানসিক ভাবে বাংলাই এগিয়ে। লক্ষ্মীর কথায়, ‘‘খেলার মাঠে অতীতের ফল দেখে লাভ হয় না। ম্যাচে আমরা কী করছি সেটাই আসল। কল্যাণীতে বোনাস পয়েন্ট হাতছাড়া হয়েছে। চেষ্টা করব, এখানে যেন সে রকম কোনও ভুল না হয়।’’
ভরসা: অধিনায়কের অস্ত্র হতে পারেন শাহবাজ়। ফাইল চিত্র