আর জি করে গিয়ে শ্রদ্ধা কংগ্রেসের, তোপ জামিনে
আর জি কর-কাণ্ডে আর্থিক দুর্নীতি-সহ নানা অভিযোগে অভিযুক্ত সেখানকার তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে শনিবার আবার সরব
হল কংগ্রেস। বিজেপি সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। পক্ষান্তরে, পুরো বিষয়টিকে আইনি জানিয়ে ‘জন-আদালতে’র কথা বলেছে বিজেপি।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ দিন আর জি করে গিয়ে নিহত নির্যাতিতার প্রতিমূর্তিতে মাল্যদান করে ন্যায়-বিচারের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তাঁর প্রশ্ন, “নিহতের মা বিধায়ক পদ থেকে পদত্যাগ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সন্দীপ ঘোষের জামিন এই মামলা চুপচাপ মিটিয়ে দেওয়ার মতো ঘটনা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও এই নিয়ে কিছু বলছেন না কেন?” পাশাপাশি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীরও বক্তব্য, “ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা হবে। সেই প্রতিশ্রুতির কী হল?” যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, “আইন আবেগের উপরে নির্ভর করে চলে না। জামিন পাওয়াও আইনি অধিকার। কিন্তু জামিন পেয়েছেন মানেই, তিনি অপরাধী নন, এটা প্রতিষ্ঠা করা যাবে না। জন-আদালতে এটা প্রতিষ্ঠিত যে, ঘটনার সঙ্গে এঁরা যুক্ত।”
নিজস্ব সংবাদদাতা