অস্থায়ী সভাপতি
রাজ্যে যুব কংগ্রেসের অস্থায়ী সভাপতির দায়িত্ব দেওয়া হল সৌরভ প্রসাদকে। সর্বভারতীয় যুব কংগ্রেসের তরফে শনিবার এই ঘোষণা করা হয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের আগে আজাহার মল্লিক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ায় এই মুহূর্তে যুব কংগ্রেসে সভাপতি নেই। চার জনের ‘নেতৃত্ব কমিটি’ রয়েছে সংগঠনের দায়িত্বে। আছেন সৌরভ প্রসাদ, শাহিনা জাভেদ, অর্ঘ্য গণ, কাশিফ রেজা। এ বার সদস্যপদ সংগ্রহ এবং সাংগঠনিক নির্বাচনের আগে সৌরভকে কাজ সামলানোর জন্য অস্থায়ী সভাপতির দায়িত্ব দেওয়া হল।
রাজ্যে তৃণমূল কংগ্রেস জমানায় সৌমিক হোসেন, মৌসম বেনজির নূর, অরিন্দম ভট্টাচার্য, শাদাব খান, আজহার মল্লিক-সহ পর পর কয়েক জন যুব কংগ্রেসের দায়িত্বে থাকা নেতা কংগ্রেস ছেড়ে তৎকালীন শাসক দলে চলে গিয়েছিলেন। নিজস্ব সংবাদদাতা