আরশোলার মূর্তি
}} ভোট চুরি ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে আন্দোলনের আবহ। তারই মধ্যে দিল্লির দশেরা উৎসবে নজর কাড়তে চলেছে ৩০ ফুটের বিশাল আরশোলা! পিতমপুরায় রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের পাশাপাশি দহন করা হবে এই আরশোলার মূর্তিও। পিতমপুরায় প্রতি বছর রামলীলার আয়োজন করে শ্রী কেশব রামলীলা কমিটি। আয়োজকদের দাবি, নোংরা ও অপরিচ্ছন্নতার প্রতীক হিসেবেই আরশোলাকে বেছে নেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত অভিযান ও স্বচ্ছ দিল্লি প্রচারের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
পথের জন্য ধর্না
}} দিল্লির রাস্তায় পথচারীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে, বিচারপতিরা অবস্থান শুরু করবেন। মথুরা রোডে দিল্লি হাই কোর্টের মোড় এবং ন্যাশনাল জ়ুলজিক্যাল পার্কের কাছে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা নিয়ে একটি মামলা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের মন্তব্য, ২৫ নভেম্বরের মধ্যে কোনও পদক্ষেপ না করা হলে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অতিরিক্ত সলিসিটর জেনারেলকে সঙ্গে নিয়ে দিল্লি হাই কোর্টের বাইরে অবস্থানে বসবেন বিচারপতিরা।
ধ্রুবর বিরুদ্ধে
}} ২০১৮ সালের একটি মানহানি মামলায় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে শনিবার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত। বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের এক সদস্যের দায়ের করা মামলার সমন নোটিস দিতে গিয়ে ধ্রুবর বাড়ি তালাবন্ধ দেখার পরে আদালতের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে। আদালত সূত্রের খবর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই নির্দেশ দিয়েছেন। ধ্রুব রাঠীর ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওর প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন বিকাশ পাণ্ডে নামে বিজেপির ওই কর্মী। পরবর্তী শুনানি আগামী ৩১ অক্টোবর।
কারখানায় মৃত ৫
}} গুজরাতের ভারুচ জেলায় একটি রাসায়নিক উৎপাদন কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত পাঁচ জন। শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ভাগরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় ঘটনাটি ঘটে।