যানজটে নাকাল দর্শনার্থীরা
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি
দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে শিলিগুড়ি শহর। শনিবার সন্ধে নামতেই শহরের রাস্তা কার্যত জনজোয়ারে পরিণত হয়। শহরের একাধিক বড় পুজোমণ্ডপকে কেন্দ্র করে রাস্তায় বাড়তে থাকে যানবাহনের চাপ। এর জেরে সকাল থেকেই বিভিন্ন এলাকায় যানজটের সমস্যা দেখা যায়। সন্ধ্যাের পরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে, শিলিগুড়ির শক্তিগড়, সুভাষপল্লি, দেশবন্ধুপাড়া ও চম্পাসারি এলাকায় যানজটের সমস্যা তুলনামূলক ভাবে বেশি ছিল বলে
জানা গিয়েছে।
অভিযোগ, পর্যাপ্ত পার্কিংয়ের অভাব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শহরের বেশ কিছু পুজো কমিটির তরফে দর্শনার্থীদের মোটরবাইক ও গাড়ি রাখার জন্য ফাঁকা মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বহু এলাকায় পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে দর্শনার্থীদের। অভিযোগ, পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা না পেয়ে অনেকেই রাস্তার উপরেই মোটরবাইক ও গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। ফলে, রাস্তার একাংশ দখল হয়ে যাওয়ায় যান চলাচলের জায়গা কমে যাচ্ছে এবং তাতে যানজট বাড়ছে। বড় পুজো মণ্ডপগুলির সামনে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে। পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার ও বিভিন্ন পুজো কমিটির স্বেচ্ছাসেবকদেরও যান চলাচল নিয়ন্ত্রণে কাজে লাগানো হয়েছে। কিন্তু তাতেও যানজট কমানো যায়নি।