এনজেপিতে নতুন ডিভিশন তৈরির প্রস্তাব সাংসদের
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি
নিউ জলপাইগুড়িতে নতুন ডিভিশন তৈরির প্রস্তাব সংসদে পেশ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। কাটিহার ডিভিশনের অধীনে থাকা এনজেপি স্টেশন থেকে ৮০ শতাংশ রাজস্ব আসে বলে দাবি করেন সাংসদ। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতের অন্যতম বড় স্টেশন এনজেপি। তাই এনজেপিকে নতুন ডিভিশন করার দাবি জানিয়েছেন তিনি। শনিবার সংসদে ওই দাবি পেশ করার পাশাপাশি এনজেপি-র সার্বিক উন্নয়নে রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজু। রাজু বলেন, ‘‘এনজেপি স্টেশনের উপরে ৮০ শতাংশ রাজস্ব নির্ভর করে। অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ স্টেশন এটি। তাই এনজেপিকে নতুন ডিভিশন
করা প্রয়োজন।’’
এনজেপিকে ডিভিশন করার দাবি দীর্ঘদিনের। উত্তর-পূর্বের অন্যতম বড় স্টেশন হলেও বিহারের কাটিহার ডিভিশনের অধীনে রয়েছে এনজেপি। এই চত্বরের মানুষকে রেল সংক্রান্ত কোনও কাজে কাটিহারে ডিভিশনাল অফিসে যেতে হয়। তাতে ভোগান্তি হয়। অন্য দিকে, এনজেপিতে যে কোনও সিদ্ধান্ত নিতে হলেও আধিকারিকদের কাটিহারের দিকে তাকিয়ে থাকতে হয়। এনজেপি স্টেশন ঘিরে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়। তাই এনজেপিকে পৃথক ডিভিশন হিসেবে ঘোষণা করা প্রয়োজন হলে মনে করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদও।
কাটিহার ডিভিশনের অধীনে থাকা এনজেপি স্টেশন থেকে ৮০ শতাংশ রাজস্ব আসে বলে দাবি করেন সাংসদ।