পুজোয় শহর জুড়ে ২১টি সহায়তা বুথ পুলিশের
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি
শিলিগুড়ি: শিলিগুড়িতে পুজোর সময়ে সাধারণ মানুষের সমস্যা সমাধানে শহর জুড়ে ২১টি পাবলিক অ্যাসিস্ট্যান্স বুথ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শহরের একাধিক পুজো মণ্ডপ থেকে শুরু করে এনজেপি স্টেশন, বাস টার্মিনাস, বিমানবন্দর-সহ একাধিক জায়গায় এই বুথগুলি তৈরি করা হয়েছে। কেউ কোথাও কোনও সমস্যায় পড়লেই ওই বুথে যেতে পারবেন। পুলিশ-কর্মীরা সহযোগিতা করবেন। পাশাপাশি শহরের সমস্ত পুজো মণ্ডপে পুলিশের হেল্পলাইন নম্বর লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকর রাজা বলেন, ‘‘পুজোয় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেটা আমরা নিশ্চিত করছি। কোথাও কারও কোনও সমস্যা হবে না।’’
শিলিগুড়িতে সাধারণ মানুষের সুবিধার্থে পুজোর মরশুমে প্রতিবছরই পাবলিক অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করা হয়। এ বছর সেই সংখ্যাটা অনেকটাই বাড়ানো হয়েছে। আগে শুধুমাত্র বাস টার্মিনাস, এনজেপি স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দরে থাকত। এবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সেগুলি তৈরি করা হয়েছে। সেখানে সহয়তা নম্বর দেওয়া থাকছে। কেউ কোনও সমস্যায় পড়লেই দ্রুত পুলিশ কর্মীরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
নিজস্ব সংবাদদাতা