পহেলগাম: নিন্দায় রাষ্ট্রপুঞ্জ
রাষ্ট্রপুঞ্জ, ২৬ এপ্রিল: কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার কড়া নিন্দা করল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্তদের শাস্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি, জঙ্গি হামলায় যারা মদত দিচ্ছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে বলে সরব রাষ্ট্রপুঞ্জ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপুঞ্জের সদস্যেরা পহেলগামের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের জবাবদিহি করতে হবে। অভিযুক্তদের বিচারের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।’ এর পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সকল রাষ্ট্রকে একত্রে সন্ত্রাসের মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, পাকিস্তান বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।
এপ্রিল মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ফ্রান্স। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতি তথা ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জেরোম বোনাফন্ট এই বিবৃতিটি জারি করেছেন। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গি কার্যকলাপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। যে কোনও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পিছনে কোনও অযুহাত থাকতে
পারে না। সংবাদ সংস্থা