‘মৃত’ জইশ জঙ্গিই কি কিশতোয়ারে
সন্দীপ পান্ডুরঙ্গ (৩২) মারা যান। বাহিনীর কর্তাদের সন্দেহ, সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন পাকিস্তানি জইশ জঙ্গিরা দু’টি দলে ভাগ হয়ে সিংপোরা এবং তার কয়েক কিলোমিটার দূরে বেগপোরাতে ঘাঁটি গেড়েছে। গোটা এলাকা আপাতত সিল করে দিয়েছে সেনা, সিআরপি ও পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি)-এর যৌথ বাহিনী। অভিযানে তাদের সাহায্য করতে উড়িয়ে আনা হয়েছে প্যারা কমান্ডোদের একটি বাহিনীকে।
তবে সবচেয়ে বড় চমক হল ‘মৃত’ সইফুল্লার বেঁচে থাকার ইঙ্গিত। চেনাব উপত্যকায় জইশের কার্যকলাপের দায়িত্বে থাকা সইফুল্লা অনেক দিন ধরেই বাহিনীর নিশানায় ছিল। বাহিনীর এক কর্তা বলেন, ‘‘গত বার যথেষ্ট পোক্ত প্রমাণ হাতে নিয়েই বলা হয়েছিল যে, ওই জঙ্গি নেতা মারা পড়েছে। কিন্তু গোয়েন্দা-তথ্য ও আড়ি পেতে শোনা কথোপকথনের ভিত্তিতে মনে করা হচ্ছে, সে হয়তো বেঁচে গিয়েছে এবং আবার দলবল জুটিয়ে হাজির হয়েছে।’’
পহেলগামে হামলা চালানো জঙ্গিরা পির পঞ্জালের পাহাড়ি জঙ্গলে গা ঢাকা দিয়ে এখনও নিরাপত্তা বাহিনীর হাত এড়িয়ে চলেছে বলে গোয়েন্দাদের দাবি। গত কাল থেকে শুরু হওয়া সংঘর্ষটি যেখানে চলছে, ছত্রুর সেই এলাকাটিও বিপদসঙ্কুল পাহাড় আর তুষারের কারণে অত্যন্ত দুর্গম। অভিযানে তাই ব্যবহার করা হচ্ছে ড্রোন। ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে আরও বেশ কিছু জঙ্গি এখানে লুকিয়ে থাকতে পারে বলে শঙ্কা বাহিনীর কর্তাদের।