আপাতত কাজ করুন মহিলা বায়ুসেনা, নির্দেশ
নয়াদিল্লি, ২৩ মে: বায়ুসেনায় উইং কমান্ডার সুচেতার কার্যকালের মেয়াদ শেষের উপরে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
বায়ুসেনায় স্থায়ী কমিশন না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সুচেতা। তিনি ‘অপারেশন সিঁদুর’ ও ‘অপারেশন বালাকোট’-এ অংশগ্রহণ করেছিলেন।
আজ শুনানির সময়ে বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আমাদের সশস্ত্র বাহিনী হল শ্রেষ্ঠ। মহিলা অফিসারেরাও অসাধারণ। বালাকোট বা সিঁদুরের সময়ে যে পেশাদারিত্ব ও সমন্বয়ের পরিচয় তাঁরা দিয়েছেন, তার কোনও তুলনা নেই। তাই আমরা তাঁদের অভিবাদন জানাই। তাঁরা নিশ্চিত ভাবেই দেশের সম্পদ। এক অর্থে তাঁরাই দেশ। তাঁরা অন্ধকারেও দেখতে পান।’’
সুচেতাকে কেন স্থায়ী কমিশন দেওয়া হয়নি, তা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করে বেঞ্চ। জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টি বলেন, ‘‘একটি বোর্ড জানিয়েছে, ওঁর স্থায়ী কমিশনের জন্য প্রয়োজনীয় সক্ষমতা নেই। তবে অন্য একটি বোর্ড ফের পরীক্ষা করবে।’’ বেঞ্চ জানিয়েছে, সে ক্ষেত্রে সুচেতা আরও কিছু দিন কাজ করুন।
ঐশ্বর্য ভাট্টি বলেন, বেশিরভাগ অফিসারই অসাধারণ। কিন্তু তাঁদের মধ্যে কার মেধা ও সক্ষমতা বেশি, সেটাই বিচার করতে হয়। বাহিনীতে তারুণ্য বজায় রাখা প্রয়োজন। তাই কিছু অফিসারকে ১৪ বছর কাজ করার পরে বিদায় নিতেই হয়। আদালত জানিয়ে দিয়েছে যে, এ দিনের স্থগিতাদেশের ফলে সুচেতার সক্ষমতা পরিমাপের মাপকাঠিতে কোনও পরিবর্তন হবে না।
সংবাদ সংস্থা