জর্জিনার আংটি নিয়ে চর্চা তুঙ্গে
নিজস্ব প্রতিবেদন
১২ অগস্ট: দীর্ঘ দিনের বান্ধবী জর্জিনার সঙ্গে বাগ্দান হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যা নিয়ে আলোচনার শেষ নেই। এর মধ্যেই জর্জিনা সমাজমাধ্যমে রোনাল্ডো যে আংটি দিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার ছবি দিয়েছেন। দিয়ে লিখেছেন, ‘‘শুধু এই জন্মেই নয়, জন্ম-জন্মান্তরে আমি শুধু তোমার।’’ সেই ছবি দেখার পর থেকে সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে কত মূল্য হতে পারে সেই আংটির। বিশ্বজুড়ে বিভিন্ন অলঙ্কার বিশেষজ্ঞ আন্দাজ করতে শুরু করে দিয়েছেন সেই আংটির মূল্য।
ছবিতে দেখে অনেকে মনে করছেন, আংটিটি ৫ সেন্টিমিটার দীর্ঘ। আংটিটির মাঝে একটি ডিম্বাকৃতি হিরে বসানো। সঙ্গে দুটি ছোট হিরে রয়েছে। এক দল বিশেষজ্ঞ বলছেন মূল হিরেটি ২৫ থেকে ৩০ ক্যারেট হতে পারে। অন্যরা আবার বলছেন ১৫ ক্যারেটের কম কোনওমতেই নয়। পাশের দুটি হিরে ১ ক্যারেটের হতে পারে। কত মূল্য হতে পারে এই আংটির? অনেকে মনে করছেন, ২ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার (১৮ থেকে ৪৪ কোটি টাকা) হতে পারে আংটিটির মূল্য।
২০১৭ থেকে সম্পর্ক শুরু রোনাল্ডো-জর্জিনার। যা পূর্ণতা পেল তাঁদের বাগ্দানে।
নজরে: রোনাল্ডো-জর্জিনার বাগ্দানের সেই আংটি। ইনস্টাগ্রাম