মেসির দেশের ২৩! ৫ বলে জয় কানাডার
নিজস্ব প্রতিবেদন
১২ অগস্ট: ৫০ ওভারের ম্যাচ শেষ মাত্র ৫ বলেই! বিস্ময়কর এই ঘটনা ঘটেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। আর্জেন্টিনাকে ১০ উইকেটে হারায় কানাডা।
টস জিতে কানাডার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে আর্জেন্টিনা। মাত্র ১৯.৪ ওভারে ২৩ রানে অলআউট হয়ে যায় লিয়োনেল মেসির দেশ। শূন্য রানে আউট হন সাত জন। কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সর্বাধিক ৭ রান এসেছে অতিরিক্ত হিসাবে! কানাডার পেসার জগমনদীপ পাল একাই ৬টি উইকেট নিয়েছেন। সাত ওভার বল করে ৫ রান দিয়ে তিনি একাই শেষ করে দেন। নেন তিনটি মেডেন। ১৯.৪ ওভারে মাত্র ২৩ রান তোলে আর্জেন্টিনা।
ব্যাট করতে নেমে প্রথম বলে এক রান নেন ওপেনার ধর্ম পটেল। পরের চারটে বলে দুটো চার ও দুটো ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন কানাডার অধিনায়ক যুবরাজ সামরা। এর মাঝে তিনটে বল ওয়াইড করেন আর্জেন্টিনার পেসার। অর্থাৎ, ৫ বলেই খেলা শেষ হয়ে যায়। তখনও বাকি ছিল ৪৯.১ ওভার! এর আগে কখনও ২৯৫ বল বাকি থাকতে ৫০ ওভারের খেলা শেষ হয়নি।
রান তাড়া করে দ্রুত ম্যাচ শেষ করার নজির এত দিন ছিল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের দখলে। ২০০৪ সালে স্কটল্যান্ডকে ৩.৫ ওভারে তারা হারিয়েছিল। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আমেরিকা পর্বে কানাডা ভাল জায়গায় রয়েছে। তাদের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা, বারমুডা ও আমেরিকা। আগামী বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসবে নামিবিয়া ও জ়িম্বাবোয়েতে।
দাপট: আর্জেন্টিনার উইকেট ফেলে কানাডার উচ্ছ্বাস। এক্স