ভোটার তালিকায় নেই বিধায়ক!
}} বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং তাঁর বাবা-মায়ের নাম কেন ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তা নিয়ে প্রশ্ন তুললেন ওই কেন্দ্রের বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার তাঁরা বনগাঁর মহকুমাশাসকের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে। স্বপন বলেন, “২০০২ সালের আগে আমার বাবা মারা গিয়েছেন। মা তখন মামার বাড়ি চলে যান। আমি আঠারো-উনিশ বছর বয়সে কর্মসূত্রে মুম্বই চলে যাই। বাইরে থাকায় ভোটার তালিকায় নাম তোলার শুনানিতে আমি হাজির থাকতে পারিনি। পরবর্তী সময়ে তালিকায় নাম তুলেছিলাম। ভারতীয় হিসেবে সমস্ত পরিচয়পত্র আমার আছে।”
সংসদের দোকান
}} উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যপুস্তক এ বার সংসদের দোকান থেকেই পাবে পড়ুয়ারা। সল্টলেকে সংসদের মূল অফিসেই এই দোকান খোলা হয়েছে। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগামিকাল, বৃহস্পতিবার এই দোকানের উদ্বোধন হবে। তিনি বলেন, ‘‘সংসদের টেক্সটবুক নম্বর যুক্ত যে বইগুলি বেসরকারি প্রকাশনী প্রকাশ করে, সেই বই এই দোকানে থাকবে। সংসদের নিজস্ব বইও থাকবে।’’ সংসদ সূত্রের খবর, বাংলা ও ইংরেজি-সহ যে বইগুলি সংসদ বিনামূল্যে দেয়, সেগুলি এখনই এই দোকানে থাকবে না। পরবর্তীকালে এই বইগুলি অনলাইনেও কিনতে পারবে পড়ুয়ারা।
ফের ধস
}} ফের ধস নামল শিলিগুড়ি থেকে কালিম্পং, সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে। তার জেরে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। মঙ্গলবার ওই রাস্তার লিকুভিরে ধস পড়ে। এ দিন সন্ধ্যায় ‘ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইন্ফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের’ (এনএইচআইডিসিএল) তরফে নোটিস দিয়ে ১৫ অগস্ট রাত পর্যন্ত সেবক করোনেশন সেতু থেকে চিত্রে পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তায় সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কালিম্পং জেলা প্রশাসনের তরফেও তা জানিয়ে দেওয়া হয়েছে। তাতে ফের কালিম্পং এবং সিকিমে যাতায়াতকারীদের দুর্ভোগ বাড়ল।
ছুটির ক্ষোভ
}} জন্মাষ্টমীর ছুটি নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় জন্মাষ্টমী ও স্বাধীনতা দিবসে ছুটি একই দিনে (১৫ অগস্ট) দেওয়া হয়েছে। সেই তালিকা অনুসরণ করে মধ্যশিক্ষা পর্ষদও ছুটির তালিকা প্রকাশ করেছে। অথচ, পঞ্জিকা ও ক্যালেন্ডার অনুযায়ী শনিবার (১৬ অগস্ট) জন্মাষ্টমী। তাই শিক্ষকদের অনেকের দাবি, শনিবার জন্মাষ্টমীর ছুটি দেওয়া হোক। প্রসঙ্গত, সরকারি কর্মীরা শনিবার এমনিতেই ছুটি পাবেন। কিন্তু স্কুলে শনিবারে ছুটির
ব্যবস্থা নেই।
ধর্ষণে গ্রেফতার
}} এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেফতার হল একটি আশ্রমের পুরোহিত। মঙ্গলবার মুর্শিদাবাদের একটি থানার পুলিশ অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করেছে। ধৃতকে মঙ্গলবার জেলার একটি বিশেষ আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ৬ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (২) ধারায় পুলিশ মামলা করেছে।