পুরপ্রধানকে ডিজিটাল গ্রেফতারির ‘চেষ্টা’
নিজস্ব সংবাদদাতা
পুলিশ পরিচয় দিয়ে ফোন করে ব্যারাকপুরের পুরপ্রধানকে ডিজিটাল গ্রেফতারির চেষ্টার অভিযোগ উঠল। পুরপ্রধান উত্তম দাস বলেন, ‘‘বৃহস্পতিবার সকালে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ বলে পরিচয় দিয়ে আমাকে ফোন করা হয়। এর পরেই মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে আর এক জনকে কনফারেন্স কলে যুক্ত করে বলা হয়, আমার যাবতীয় নথি ব্যবহার করে সিম কার্ড তুলে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে।’’ শেষে ভিডিয়ো কল করা হবে জানানো হলে পুরপ্রধান বুঝতে পারেন, তাঁকে ডিজিটাল গ্রেফতার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এর পরেই টিটাগড় থানা ও ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান তিনি। উত্তম বলেন, ‘‘পুরো বিষয়টি পুলিশের পদস্থ আধিকারিকদের জানিয়েছি।’’