বলিউডে কাজ নেই রহমানের
গত কয়েক বছর ধরে ক্রমশ বলিউডে কম কাজ পাচ্ছেন সুরকার এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কারজয়ী সুরকার বলেন, কাজের পিছনে তিনি কোনও দিন ছোটেননি। বরং চেয়েছেন তাঁর সৃষ্টি দেখে কাজ যেন নিজে থেকেই আসে। তবে গত কয়েক বছরে বলিউডে ক্ষমতা বদল ঘটেছে। রহমানের কথায়, “ইন্ডাস্ট্রিতে এখন যাঁরা সৃজনশীল নন, তাঁদের হাতে ক্ষমতা চলে গিয়েছে। একটি ছবির জন্য আমাকে বলা হলেও মিউজ়িক কোম্পানি আরও পাঁচজন কম্পোজ়ারকে নিয়োগ করছে। এতে ভাল কাজ করার সুযোগ কমছে।” তবে এতে তেমন চিন্তিত নন শিল্পী। ইন্ডাস্ট্রির অভ্যন্তরের রাজনীতির বদলে পরিবার ও ব্যক্তিজীবন, বিশ্ব মিউজ়িক নিয়ে সময় কাটাতে যে তিনি বেশি আগ্রহী, সে কথা স্পষ্ট করে দিয়েছেন রহমান।