ব্যাডমিন্টনে বাঁদর-খেলা
নিজস্ব প্রতিবেদন
১৫ জানুয়ারি: বিতর্কের নতুন নাম এখন ইন্ডিয়া ওপেন। মঙ্গলবারই প্রশিক্ষণ নেওয়ার কোর্ট অস্বাস্থ্যকর, পাখির বিষ্ঠা পড়ে থাকার অভিযোগ তুলেছিলেন ডেনমার্কের তারকা মিয়া ব্লিকফেল্ট। বুধবার দর্শকাসনে বসে থাকতে দেখা গিয়েছিল একটি বাঁদরকে। বৃহস্পতিবার ফের এক বাঁদরকে গ্যালারি দিয়ে চলাচল করতে দেখা গিয়েছে পাশাপাশি সেন্টার কোর্টে পায়রার বিষ্ঠার কারণে ম্যাচও কিছু সময় বন্ধ থাকে। ফলে রাজধানীর বুকে নাটক যেন কিছুতেই থামছে না।
গ্যালারিতে বাঁদর প্রবেশের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছেন কোরিয়ার ডাবলসের ব্যাডমিন্টন খেলোয়াড় কাং মিন। তখন অনুশীলন সারছিলেন খেলোয়াড়েরা। পরে নিরাপত্তারক্ষীরা বাঁদরটিকে বার করে দেন। যা নিয়ে ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছিলেন, গত ২০ দিন ধরে স্টেডিয়ামে নজরদারি চালানো হচ্ছে। হয়তো স্টেডিয়ামের কোনও দরজা খোলা থাকার জন্য বাঁদরটি ঢুকে পড়েছে, কারণ চারপাশে প্রচুর গাছ রয়েছে।” তাঁর এই সাফাই নিয়ে যদিও সমাজমাধ্যমে নিন্দার ঝড় বইছে। এ দিন আবার প্রণয়দের ম্যাচ দু’বার বন্ধ রেখে কোর্টে পায়রার বিষ্ঠা পরিষ্কার করতে হয়। যা নিয়ে পরে ভারতীয় তারকা বলেছেন, “মনে হয় কোর্টে পাখির বিষ্ঠা পড়েছিল। তাই হয়তো ম্যাচ থামাতে হয়েছিল।’’
প্রশ্ন উঠছে চলতি বছরে অগস্টে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দিল্লিতে সঠিক ভাবে আয়োজিত করা যাবে তো? যা নিয়ে অবশ্য কোনও দ্বিমত করছে না বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। নানা প্রতিযোগীর তরফে নানা অভিযোগ করা হলেও বিশ্ব সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়, “বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা বিভিন্ন খেলোয়াড় ও দলের সঙ্গে স্টেডিয়ামের পরিস্থিতি নিয়ে কথা বলেছে। যে মতামত পাওয়া গিয়েছে তা যথেষ্ট ইতিবাচক। যদিও মরসুমি প্রভাবক (প্রবল ঠান্ডা ও দূষিত পরিবেশ) প্রতিযোগিতায় যথেষ্ট প্রভাব ফেলেছে। তবে অগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার জন্য দূষণ ও কুয়াশা প্রভাবক হবে না। আমরা আশাবাদী কমপ্লেক্সের পরিকাঠামো ভবিষ্যতে আরও উন্নত করা হবে।”
এরই মধ্যে বিশ্বের ১৪ নম্বর লক্ষ্য সেন পৌঁছেছেন শেষ আটে। জাপানের কেন্তা নিশিমোতোকে তিনি হারিয়েছেন স্ট্রেট সেটে ২১-১৯, ২১-১০ ফলে। লক্ষ্য ছাড়া ভারতের আর কোনও প্রতিযোগী পরের পর্বে পৌঁছতে পারেননি। ম্যাচের পরে লক্ষ্য বলেছেন, “আমি কৌশলে কিছুটা বদল করেছিলাম। শাট্লকে আরও দূরে পাঠানোর চেষ্টা করেছি। পাশাপাশি নিজের ডিফেন্সের
উপরেও জোর দিয়েছি।”
দাপট: কেন্তার বিরুদ্ধে লক্ষ্য জিতলেন ২১-১৯, ২১-১০ ফলে। পিটিআই
চর্চায়: দিল্লিতে প্রতিযোগিতার সময়ে গ্যালারিতে দর্শক বাঁদর। এক্স