নায়ক ইয়াসিন, ফাইনালে মরক্কো
নিজস্ব প্রতিবেদন
১৫ জানুয়ারি: রুদ্ধশ্বাস ম্যাচে নাইজিরিয়াকে টাইব্রেকারে ৪-২ হারিয়ে ২২ বছর পরে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কো। জয়ের নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনু। ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ সাদিয়ো মানের সেনেগাল।
১৯৭৬ সালে আফ্রিকা সেরা হয়েছিল মরক্কো। তার পরে মাত্র একবারই (২০০৪) তারা ফাইনালে উঠতে পেরেছিল। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল টিউনিশিয়ার বিরুদ্ধে হেরে। বুধবার রাতে মরক্কো বনাম নাইজিরিয়া ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। অতিরক্ত সময়েও কেউ গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। মরক্কোর গোলরক্ষকের দু’হাতেই শেষ হয়ে যায় নাইজিরিয়ার জয়ের আশা। ইয়াসিন বাঁচান স্যামুয়েল চুকুয়েজ় ও ব্রুনো অনিয়েমায়েচির শট। এর পরে গোল করে মরক্কোকে ফাইনালে তোলেন ইউসুফ এন-নাসিরি।
২২ বছর পরে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠে উচ্ছ্বসিত মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেছেন, ‘‘আমাদের জন্য সব চেয়ে কঠিন ম্যাচগুলির একটি ছিল। কিন্তু ছেলেরা দুর্দান্ত লড়াই করে দলকে ফাইনালে তুলেছে।’’