দ্বিতীয় ডিভিশন ক্লাবের কাছে হার রিয়ালের
নিজস্ব প্রতিবেদন
১৫ জানুয়ারি: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের দগদগে ক্ষত না শুকোতেই ফের ভরাডুবি রিয়াল মাদ্রিদের। বুধবার রাতে কোপা দেল রে-তে শেষ ষোলোর পর্বে স্পেনের দ্বিতীয় ডিভিশনের দল আলবাসেতের বিরুদ্ধে ২-৩ হেরে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন ভিনিশিয়াস জুনিয়ররা। রিয়ালের ম্যানেজার হিসেবে আলভারো আরবেলোয়ার অভিষেক মোটেও সুখকর হল না।
এই ম্যাচে খেলেননি কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোর মতো প্রথম একাদশের ফুটবলাররা। দ্বিতীয় সারির দল নামিয়েছিল রিয়াল। প্রশ্ন উঠছে, প্রতিপক্ষ দ্বিতীয় ডিভিশনের দল বলেই কি এতটা গা-ছাড়া মনোভাব দেখাল রিয়াল মাদ্রিদ? এর মধ্যেই সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন। ৪২ মিনিটে গোল করেন জাভি মিলার। সমতা ফেরান রিয়ালের ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করেন জেফতে বেতানকোর। রিয়ালের দ্বিতীয় গোলদাতা গঞ্জালো গার্সিয়া।