আমনের শতরানে ফাইনালে বিদর্ভ
নিজস্ব প্রতিবেদন
১৫ জানুয়ারি: বিজয় হজারে ট্রফিতে গত বারের চ্যাম্পিয়ন কর্নাটককে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ। শতরান করে বিদর্ভের জয়ে নায়ক ওপেনার আমন মোখাডে।
বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে কর্নাটকের ইনিংস শেষ হয় ২৮০ রানে। মায়াঙ্ক আগরওয়াল (৯) ও দেবদত্ত পাড়িক্কল (৪) শুরুতে ফিরলেও দলের হাল ধরেন করুণ নায়ার। আটটি চার ও একটি ছক্কার সাহায্যে তিনি করেন ৯০ বলে ৭৬ রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন কৃষ্ণণ শ্রীজিত (৫৪)। ৪৮ রান দিয়ে পাঁচ উইকেট দর্শন নলকাণ্ডের।
জবাবে শুরুতে বিদর্ভ অথর্ব তাইডেকে (৬) হারালেও একটা দিক ধরে ছিলেন আমন। ১২টি চার ও দু’টি ছক্কার সাহায্যে তিনি করেছেন ১২২ বলে ১৩৮ রান। তিন নম্বরে নেমে ধ্রুব শোরে করেছেন ৭৬ রান। সাতটি চারের সাহায্যে আর. সমর্থ অপরাজিত থাকেন ৬৯ বলে ৭৬ রানে। ২২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিদর্ভ। তিন উইকেট পেয়েছেন অভিলাষ শেট্টি।