রবি ঠাকুরের চরিত্ররা
শুরু হতে চলেছে প্রভাত রায়ের নতুন ছবি ‘বলাই’-এর শুটিং
পরিচালনায় দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন প্রভাত রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলাই’ গল্পটি অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক, তা আগেই ঘোষণা করা হয়েছিল। এ বার শুরু হতে চলেছে এ ছবির শুটিং। অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন। ‘লাঠি’র পরে আবার পরিচালকের সঙ্গে কাজ করবেন অভিনেতা। অন্যান্য চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায় প্রমুখ।
৮২ বছর বয়সে ফ্লোরে ফিরছেন পরিচালক। ‘লাঠি’, ‘শ্বেতপাথরের থালা’, ‘প্রতিকার’, ‘প্রতিদান’-এর মতো অসংখ্য হিট বাংলা ছবির পরিচালক বিগত বেশ কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। ২০১১ সালে ‘ভোরের আলো’র পরে আর কোনও ছবি মুক্তি পায়নি তাঁর। ২০১৫ সালে জ়ি বাংলা অরিজিনালসের জন্য ‘বিরাট বাইশ’ ছিল তাঁর শেষ পরিচালিত কাজ, যাতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ দিন পরে পরিচালনায় ফেরা নিয়ে প্রভাত বললেন, “বছরকয়েক আগে শরীরের যা অবস্থা হয়েছিল, বেশি দিন বেঁচে থাকব, সেটাই ভাবতে পারিনি। একতার (ভট্টাচার্য) জন্যই সবটা বদলে গেল। আর একবার সেটে ফেরার ইচ্ছে মেয়েই পূরণ করে দিল। এটাই হয়তো আমার শেষ ছবি হতে চলেছে। এই বয়সে এসে আবার পরিচালনায় ফিরতে পারাই অনেক বড় প্রাপ্তি আমার কাছে।”
পেশায় ডিজ়াইনার একতাই প্রথম ভেবেছিলেন, রবীন্দ্রনাথের ‘বলাই’ গল্পটি নিয়ে ছবি তৈরি করা যায়। সে কথা পরিচালককে বলতেই তিনি রাজি হয়ে যান সাগ্রহে। চিত্রনাট্য লেখার দায়িত্ব এসে পড়ে একতার কাঁধে। চিত্রনাট্য, সংলাপ, অভিনেতা বাছাই পর্ব ও সৃজনশীল পরিচালনার দায়িত্বের সিংহভাগই সামলাচ্ছেন তিনি। বলাই-এর চরিত্রের জন্য ‘অপুর সংসার’-এর কাজলের মতো দেখতে একটি শিশুকে খুঁজছিলেন তাঁরা। বিশদ অডিশন-পর্বের শেষে সেই চরিত্রের অভিনেতা পেয়েছেন তাঁরা। পরিচালক চান, তাঁর বলাইকে দর্শক রুপোলি পর্দাতেই সরাসরি দেখুন।
এ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কবীর সুমন। শিল্প নির্দেশক তন্ময় চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় রয়েছেন সাবর্ণী দাস। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে চলবে শুটিং। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এমআরজে ফিল্মস।