সিম বক্স ব্যবহার করে জালিয়াতি, ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা
ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে এক দম্পতির কাছ থেকে তিন কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে আরও এক অভিযুক্তকে ধরল লালবাজারের সাইবার ক্রাইম থানা। ধৃতের নাম আবির শেখ। বৃহস্পতিবার কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাকে ১৯ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আদালত সূত্রের খবর, ইকো পার্ক থানার অন্য একটি সাইবার অপরাধের মামলায় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ছিল আবির। এ দিন সেখান থেকে তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় এর আগে আরও দুই অভিযুক্তকে ধরেছে পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, এই সাইবার জালিয়াতেরা প্রতারণার জাল ভারত ছাড়িয়ে বাংলাদেশ, মালয়েশিয়াতেও ছড়িয়ে ছিল। বেআইনি সিম বক্স ব্যবহার করে ফোন করে জালিয়াতি করা হত। সেই সিম বক্স চালনা করত আবির। অভিযোগ, গত নভেম্বরে সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ওই দম্পতিকে ফোন করে জালিয়াতেরা জানায়, তাঁদের নামে পার্সেলে মাদক মিলেছে। তাই তাঁদের ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হচ্ছে। তদন্তে নেমে পুলিশ কটক থেকে দু’জনকে ধরে। তাদের অ্যাকাউন্টে প্রতারণার ২ কোটি এবং ২৬ লক্ষ টাকা ঢুকেছিল। ধৃতদের জেরা করে জানা যায় আবিরের নাম।