দাপটে অল ইংল্যান্ডের শেষ আটে পৌঁছলেন লক্ষ্য
নিজস্ব প্রতিবেদন
৫ মার্চ: অনবদ্য লক্ষ্য সেন! বৃহস্পতিবার হংকংয়ের এনজি কা লং আঙ্গুসকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষ আটে পৌঁছে গেলেন ভারতীয় তারকা। ফল তাঁর পক্ষে ২১-১৯, ২১-২৩
এবং ২১-১০।
চার বছর আগে অল ইংল্যান্ডের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি লক্ষ্য সেন। এ দিন প্রথম থেকেই লম্বা র্যালি এবং শারীরিক সক্ষমতায় বাজিমাত করেন ভারতীয় তারকা। ম্যাচের পরে বলেছেন, “হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দ্বিতীয় সেটে দুরন্ত ভাবে প্রত্যাবর্তন করে লং। দ্বিতীয় সেটে আমি স্বাধীন ভাবে খেলতে পারিনি। পাশাপাশি আলগা শট খেলে প্রতিপক্ষের কাজটাও অনেকটা সহজ করে দিয়েছিলাম।” যোগ করেন, “তবে তৃতীয় সেটে ফের এক বার শূন্য থেকে নিজেকে প্রস্তুত করি। নিজের সবকিছু উজাড় করে দিয়ে শেষ আট নিশ্চিত করি।” মুখোমুখি সাক্ষাতে এই প্রথম আঙ্গুসকে হারালেন লক্ষ্য। এর আগে তিনবারই জিতেছেন আঙ্গুস।
২০২১ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী লক্ষ্যর পরের প্রতিপক্ষ চিনের ষষ্ঠ বাছাই লি শি ফেং। সেই ম্যাচের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় তারকার বক্তব্য, “শেষ দু’টি ম্যাচে
খেলাটাকে দারুণ ভাবে উপভোগ করেছি। আবার পর্যাপ্ত বিশ্রাম নিয়ে নিজের শরীরকে তরতাজা করে তুলতে হবে। ফের চব্বিশ ঘণ্টার মধ্যে আর একটি কঠিন ম্যাচে খেলতে হবে। সেই ম্যাচেও নিজেকে উজাড় করে দিতে হবে।”