ফুল বেঞ্চের সফর চূড়ান্ত, হাই কোর্টে বৈঠকে কমিশন-রাজ্য
নিজস্ব সংবাদদাতা
চূড়ান্ত হয়ে গেল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফর। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ১২ সদস্যের ফুল বেঞ্চ ৮ মার্চ রাতেই পৌঁছে যাবে শহরে। ফুল বেঞ্চের বৈঠকের প্রস্তুতিতে বৃহস্পতিবার জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। কেন্দ্র-রাজ্যের এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন কমিশনের উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ সিইও দফতরের কর্তারা। এ দিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইও এবং রাজ্যের বিশেষ রোল-পর্যবেক্ষক।
চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন ঝাড়খণ্ড এবং ওড়িশার ২০০ জন বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী সোমবার থেকে
এই রাজ্যে ভোটার তালিকার
নিবিড় সংশোধন প্রক্রিয়ার বকেয়া আবেদনের নিষ্পত্তির কাজ করবেন তাঁরা। এ দিন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠকে এই বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে খবর। হাওড়া, কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় ওই বিচারকদের রাখার বন্দোবস্ত
করেছে কমিশন।
যে সূচি স্থির হয়েছে তাতে, ৯ মার্চ সকালেই জাতীয় এবং রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে কমিশন। দুপুরে নিজের বক্তব্য রাখবেন রাজ্যের সিইও। তার পরে কেন্দ্র ও রাজ্যের ২৪টি এনফোর্সমেন্ট সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবে কমিশন। পরের ধাপে ভোট-প্রস্তুতি নিয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কমিশনের বৈঠক হবে। ১০ মার্চ মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং অন্য সিনিয়র কর্তার সঙ্গে বৈঠক স্থির রয়েছে। সেখানে থাকার কথা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারেরও। দুপুরে বিএলও-দের সঙ্গে আলোচনা এবং সাংবাদিক বৈঠক সেরে দিল্লি রওনা হবেন কমিশন-কর্তারা।
এ দিন জেলা-কর্তাদের বৈঠকে ভোট-প্রস্তুতির নিখুঁত উপস্থাপনা তৈরির উপর জোর দিয়েছিল সিইও দফতর। উপ নির্বাচন কমিশনের নেওয়া গত বৈঠকে যে নির্দেশ এবং দিকগুলি স্থির করে দেওয়া
হয়েছিল, তা যাতে যথাযথ ভাবে জেলাভিত্তিক রিপোর্টে উল্লেখ থাকে, সে ব্যাপারেও জোর দেওয়া
হয়েছে। পাশাপাশি, ইডি,
আয়কর, মাদক-নিয়ন্ত্রক সংস্থা-সহ কেন্দ্র এবং রাজ্যের এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বলে দেওয়া হয়েছে, ১ মার্চ থেকে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত যত অবৈধ মদ-মাদক-অস্ত্র-বিস্ফোরক-অর্থ উদ্ধার হয়েছে, তার সবিস্তার তথ্য প্রস্তুত রাখতে হবে ফুল বেঞ্চের
বৈঠকের আগে।
সূত্রের দাবি, এ দিন হাইকোর্টে যে বৈঠক হয়েছে, সেখানেও তথ্যগ্রাহ্য অসঙ্গতির আওতায় ভোটারদের যোগ্যতা বিচারের কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে কথা
হয়েছে। ফুল বেঞ্চের বৈঠকে এই ভোটারদের নিষ্পত্তির অগ্রগতির তথ্য তুলে ধরতে হবে। পাশাপাশি, এখনও নিষ্পত্তির বিস্তর কাজ বাকি রয়েছে। স্বল্প সময়ের মধ্যে এত কিছু কী ভাবে করা সম্ভব, তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।