সংলাপে ফেরার ডাক মোদীর
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ৫ মার্চ: অবশেষে ইরান-ইজ়রায়েল এবং আমেরিকার সংঘাত নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাবের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য, কেবলমাত্র সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান হতে পারে না। তাঁর মতে, আইনের শাসন, আলোচনা ও কূটনীতি — এগুলি সংঘাত সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোদীর কথায়, “ভারত এবং ফিনল্যান্ড, উভয়ই আইনের শাসন, আলোচনা এবং কূটনীতিতে বিশ্বাস করে। আমরা একমত যে, শুধুমাত্র সামরিক সংঘাতের মাধ্যমে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। তা ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়ার সংঘাত। এগুলির দ্রুত অবসান এবং শান্তির জন্য নেওয়া প্রতিটি প্রচেষ্টাকে আমরা সমর্থন করে যাব।”
স্টাবের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে মোদী আরও বলেন, ‘‘একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া, বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ-পরিস্থিতি।’’এই প্রসঙ্গেই রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির ভূমিকার কথাও তুলে ধরেন মোদী। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কার অত্যন্ত জরুরি।