পাঁচ দিন পার করে
শোক জানাল ভারত
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ৫ মার্চ: দেশের ভিতর প্রবল রাজনৈতিক চাপ তৈরি হচ্ছিল। সেই সঙ্গে ভারতের চিরকালীন দ্বিরাষ্ট্রীয় সমাধান (ইজ়রায়েল এবং প্যালেস্টাইন) তত্ত্বকে কার্যত শিকেয় তুলে দিয়েছিল মোদী সরকার। কূটনৈতিক শিবিরের মতে, জলে নেমেও বেণী না ভেজানোর নীতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর পাঁচ দিন মূক থেকে আজ বিলম্বিত শোকপ্রকাশ করল নয়াদিল্লি। এক দিকে নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসে গেলেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে ভারত সরকারের তরফে শোকজ্ঞাপন করলেন। শোকপত্রে স্বাক্ষরও করলেন। সেই সঙ্গে একই দিনে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার বিকেলে আরাঘচির সঙ্গে ফোনালাপের বিষয়টি সমাজমাধ্যমে জানিয়েছেন জয়শঙ্কর। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট করেননি। পাশাপাশি পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত নিয়ে ওমানের বিদেশমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদির সঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর। এর আগে, মঙ্গলবার সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক গত আট বছর ধরেই অধোগামী। যার প্রধান কারণ, আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞার বজ্র আঁটুনি। ২০১৮ সালে সে দেশ থেকে তেল আমদানি বন্ধ করে দেওয়ার পর দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের সঙ্গে ইরানের যোগসূত্র ছিল চাবাহার বন্দর। কিন্তু গত বছর আমেরিকা নিষেধাজ্ঞায় ছাড়ের সিদ্ধান্ত তুলে নেওয়ার পর ভারতও সেখানে বকেয়া ১২ কোটি ডলার দিয়েই দায় সেরেছে। ফলে খামেনেইয়ের মৃত্যুতে তড়িঘড়ি শোকপ্রকাশ করে আমেরিকার চক্ষুশূল হতে না চেয়ে পাঁচ দিন পর পরোক্ষে শোক জানানোর কৌশল নেওয়া হয়েছে বলেই মনে করছে
কূটনৈতিক শিবির।
গত শনিবার থেকে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরানের উপর হামলা শুরু করেছিল। তাতেই খামেনেইয়ের মৃত্যু হয়। রবিবার সেই মৃত্যুর খবর নিশ্চিত করে তেহরান। আমেরিকা-ইজ়রায়েলি হামলার প্রত্যাঘাত করতে গিয়ে একাধিক দেশে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরিন, সৌদি আরব, কুয়েত প্রভৃতি বিভিন্ন দেশে ইরানের ড্রোন আছড়ে পড়েছে। একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদী ফোনে কথা বলেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। এ বার খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে ইরানের সঙ্গেও কথা বলল নয়াদিল্লি।