সম্রাট না সঙ্গীতা, জল্পনায় অনেকে
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ৫ মার্চ: নীতীশ কুমার রাজ্যসভায় মনোনয়ন জমা দিতেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। অন্য দিকে জেডিইউ শিবিরকে বার্তা দিতে নীতীশের ছেলে নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী করার কথা ভাবছেন অমিত শাহেরা। যদিও নীতীশ-ঘনিষ্ঠ শিবিরের বিক্ষোভের কারণে আজ নিশান্তের জেডিইউ-তে যোগদান ভেস্তে যায়।
নীতীশ সরে যাওয়ায় প্রায় দু’দশক পরে বিজেপির সামনে নিজেদের নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সুযোগ এসেছে। বিজেপি সূত্রের মতে, প্রাথমিক ভাবে দৌড়ে এগিয়ে মুঙ্গেরের তারাপুরের কউরি (কুশওয়াহা) সমাজের নেতা সম্রাট চৌধরি। কুর্মি ও কউরিদের মতো অতি পিছিয়ে থাকা সমাজ গত দু’দশক ধরে নীতীশকে সমর্থন করেছে। সেই ভোটব্যাঙ্ক যাতে সরে না যায়, সে কারণে সম্রাটকে মুখ্যমন্ত্রী করার কথা ভাবা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। চর্চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নামও। রাই শাহ ঘনিষ্ঠ, উপরন্তু তাঁকে মুখ্যমন্ত্রী করা হলে যাদব ভোটব্যাঙ্কেও থাবা মারা সম্ভব হবে। দৌড়ে রয়েছেন দীঘা এলাকার পাঁচ বারের বিধায়ক, বৈশ্য নেতা সঞ্জীব চৌরাসিয়া।
তালিকায় নাম রয়েছে বিধায়ক মঙ্গল পাণ্ডে ও দিলীপ জয়সওয়ালেরও। বিহারের রাজনীতিতে শাহের সবচেয়ে কাছের লোক বলে পরিচিত মঙ্গল পাণ্ডে ব্রাহ্মণ সমাজের। ইতিমধ্যেই কায়স্থ নিতিন নবীনকে জাতীয় সভাপতি করেছেন শাহ। ফের এক জন উচ্চবর্ণের নেতাকে মুখ্যমন্ত্রী করা হলে জাতিগত ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা। সীমাঞ্চলের কিষাণগঞ্জ এলাকার নেতা দিলীপ জয়সওয়াল অতি পিছিয়ে থাকা সমাজের প্রতিনিধি। দৌড়ে রয়েছেন মোহনিয়া কেন্দ্রের বিধায়ক সঙ্গীতা কুমারী। মূলত মহিলাদের ক্ষমতায়নের বার্তা দিতেই দিল্লির মতো বিহারেও কোনও মহিলাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারে দল।