রাজ্যসভায় প্রার্থী নিয়ে ক্ষোভ আনন্দের, দলেও
নিজস্ব সংবাদদাতা
কংগ্রেসের প্রবীণ নেতা আনন্দ শর্মাকে বুধবার রাজ্যসভার মনোনয়নের কাগজপত্র জমা দিয়ে শিমলা পাঠানো হয়েছিল, যাতে তিনি হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারেন। বৃহস্পতিবার কংগ্রেস রাজ্যসভা নির্বাচনে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর ঘনিষ্ঠ, কাংলার জেলা কংগ্রেসের সভাপতি অনুরাগ শর্মার নাম ঘোষণা করে দিল! কংগ্রেস আজ পাঁচ রাজ্যে ছ’টি রাজ্যসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। যাঁদের মধ্যে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও ছত্তীসগঢ়ের জনজাতি নেত্রী ফুলো দেবী নেতাম বাদে বাকিদের কংগ্রেসের নেতারাই ভাল করে চেনেন না! ফলে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। হিমাচল থেকে অনুরাগ শর্মা, হরিয়ানা থেকে করমবীর সিংহ বৌদ্ধকে প্রার্থী করা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে। ইউপিএ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী আনন্দ শর্মা বলেন, ‘‘আমি বিরক্ত, তা বলছি না। তবে রাজনীতিতে আত্মসম্মান খুবই দামী। সত্যি বলাটা অপরাধ হয়ে যায়।’’